Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:
দেশব্যাপী ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী মেজবাউল হক মিজুসহ অন্তত আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী হলের মধ্যে এ ঘটনা ঘটে।
মিজু অভিযোগ করে বলেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারীরা তাদের ওপর হামলা করেন। তবে তায়েফ মাহমুদের দাবি, মিজু মিছিলের আগে কেন্দ্রীয় নেতাদের অনুমতি নেন নি এবং মিজুর অনুসারীরাই প্রথমে তায়েফ ও সিফাতসহ তাদের পক্ষের নেতাকর্মীদের ওপর হামলা করেন। অন্যদিকে, হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম ও এএম শোয়াইব।
সোহরাওয়ার্দী হলের একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টায় বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু হলের জুনিয়র শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে মিছিলের উদ্দেশ্যে হল থেকে বের হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেখানে দুই গ্রুপের মাঝে একে অপরকে হুমকি ধামকি দেওয়ার ঘটনা ঘটে। মিছিল শেষ করে হলে ফেরার সময় আবার হলের ভিতরে দুই গ্রুপের মাঝে হাতাহাতি ও সংঘর্ষ হয়।
সোহরাওয়ার্দী হলের কৃষি অনুষদের ৩য় বর্ষের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মিছিল শেষ করে হলে ফেরার পরে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ ও হাতাহাতি শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি মোবাইল ফোনও ভাঙচুর করা হয়েছে।
ভুক্তভোগী মেজবাউল হক মিজু বলেন, রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আমরা সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করে হলের (সোহরাওয়ার্দী হল) দিকে আসছিলাম তখন ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারীরা আমাদের ওপর অতর্কিত হামলা করেন। তাদের মধ্যে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ এবং সিফাতের নেতৃত্বে সোহয়াওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হল থেকে ৪০ থেকে ৫০ জন আমাদের ওপর হঠাৎ করেই হামলা করেন।
তিনি আরও বলেন, এএম শোয়াইব সোহরাওয়ার্দী হলের দায়িত্বে আছেন এবং শফিকুল ইসলাম মাওলানা ভাসানী হলের দায়িত্বে আছেন। শফিকুল ইসলাম আমাকে হত্যার হুমকি দিয়েছিলেন গতকাল (বুধবার) আর আজকে আমার উপর অতর্কিত হামলা হয়। হামলাকারীরা আমার একটি ফোনও ছিনিয়ে নিয়ে গেছেন।
অভিযোগের বিষয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তায়েফ মাহমুদ বলেন, সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ছাত্রদলের সবাই অনেক সোচ্চার। তবে যে কোনো মিছিল-মিটিং করার আগে অবশ্যই আমরা সেন্ট্রাল থেকে অনুমতি নেই। আজকে যখন মিজু সোহরাওয়ার্দী হলের জুনিয়রদের সঙ্গে নিয়ে মিছিল করতে বের হয়, তখন তাদের জিজ্ঞেস করি যে তারা অনুমতি নিয়েছেন কিনা। সেই সময় মিজু তার উত্তরে বলে যে সে সেন্ট্রাল মানে না। ঠিক তখন তার অনুসারী কয়েকজন আমার এবং সিফাতসহ কয়েকজনের উপরে হামলা করে। আমরা ওইসময় হামলা প্রতিহত করতে থাকি। এরই মাঝে আমাদের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতি হয়। দুই পক্ষেরই বেশ কয়েকজন এতে আহত হয়েছে। গত ৫ নভেম্বর একইভাবে আমাদের উপরে হামলা করে মিজুর অনুসারীরা।
