Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গত দুই দিনে নামফলক ভাঙচুর, নামসংবলিত ব্যানার টাঙানো, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি।
গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামফলকের ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামসংবলিত ব্যানার টাঙানো হয় এবং নামফলক ভাঙচুর করা হয়। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি স্থাপনের দাবিতে সাত দিনের আল্টিমেটাম দেন তারা। একই সময়ে মন্দির গেটসংলগ্ন প্রধান সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করা হয়।
এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গোপালগঞ্জ জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তবে জেলাজুড়ে বিজিবি মোতায়েন করা হলেও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর নিরাপত্তায় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকজন আনসার সদস্য দিয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
একই দিনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ নভেম্বর রাতে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। একই সিদ্ধান্তের আলোকে সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তে নিরাপত্তাহীনতা ও একাডেমিক ক্ষতির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
বাড়ি যাওয়ার মুহূর্তে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান হাওলাদার বলেন, ‘বর্তমান সার্বিক পরিস্থিতির কারণে আমাদের পরীক্ষা স্থগিত হয়েছে। তো এটার জন্য আমাদের অনেক ক্ষতি হবে। আমাদেরও সিকিউরিটি ইস্যু আছে, তা আমাদের এখন বাসায় চলে যেতে হচ্ছে। যদি আমরা পরীক্ষাটা দিতে পারতাম তাহলে আমাদের জন্য খুবই ভালো হইতো। তা ছাড়া যেহেতু প্রশাসন অনেক প্রেসারে আছে, নিরাপত্তা নিয়ে দফায় দফায় ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল আসতেছে। তাদেরও প্রেসার ক্রিয়েট করা হইতেছে। সে ক্ষেত্রে তারা বন্ধের ঘোষণা দিয়েছে।’
