Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:
নিজের উপাচার্য হওয়ার পেছনে বিএনপির ক্ষমতায় আসার বিষয়টি উল্লেখ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেছেন, ‘বিএনপি পাওয়ারে গেছে বিধায় তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটা কি লুকানোর কিছু আছে? বহু সুশীল লোকজন তো ছিল।’
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপাচার্য ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘দেখছি আমরা ৫ আগস্টের পরে। তাদের পরিচয় কী আর কাজ কী, সেটাও আমরা দেখেছি। এখানে তো লুকানোর কিছু নেই। মানুষের পরিচয়, আত্মপরিচয় লুকানোর কিছু নেই। অবশ্যই আমার একটি পরিচয় আছে। সেটা আওয়ামী লীগের সেই জুলুম সহ্য করেছি।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘দোয়া চাইতে হবে আপনি যদি এই দেশটাকে ভালোবাসেন। আপনি যদি এই দেশের নাগরিক হয়ে থাকেন, এই দেশকে যদি সত্যিকার অর্থে অন্তরে ধারণ করেন, ভালোবাসেন, তাহলেই বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আপনাকে দোয়া করতে হবে।’
অধ্যাপক রইছ উদ্দীন বলেন, ‘বিগত ১৫-১৬ বছর আমরা যারা আজকে এখানে বসে আছি, আমরা বাংলাদেশের কোন ক্যাটাগরির নাগরিক, এটা আমরা নিজেরাও বুঝলাম না। আমাদের কোনো বাকস্বাধীনতা ছিল না, গণতান্ত্রিক স্বাধীনতা ছিল না, মানুষ হিসেবে বেঁচে থাকার কোনো স্বাধীনতা ছিল না। যার কারণে ২৪-এর গণ-অভ্যুত্থান হয়েছে। মানুষ এবং আমাদের বিশেষত ছাত্র-জনতা সেটা প্রতিরোধ করেছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ১৫-১৬ বছরের এই জালিমদের হাত থেকে মুক্তি দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এখন আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন, বাংলাদেশের সুখ-সমৃদ্ধি এবং উন্নতি যদি প্রত্যাশা করে থাকেন, তাহলে আমাদের স্বার্থেই বর্তমান প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতে হবে।’
দেশের সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে জবি উপাচার্য বলেন, ‘আমরা দেখেছি গত দুই বছর নির্বিঘ্নে অনেকেই দেশে বসবাস করছিল। আমরা বিগত কিছুদিন থেকে যে নৈরাজ্য দেখছি, সেদিন নড়াইলে স্বেচ্ছাসেবক দলের দুজন নেতাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এমপির বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, হাসপাতালে অগ্নিসংযোগ করা হচ্ছে। গতকাল রাতে দেখেছি কারাগারে হামলার চেষ্টা করা হয়েছে।’
তিনি বলেন, ‘১৫-১৬ বছরের যে দীর্ঘ ফ্যাসিবাদী আচরণ ছিল, সেই ফ্যাসিবাদী আচরণ এই বাংলাদেশে কারও দ্বারা যেন পুনরাবৃত্তি না হয়। যারা সুনাগরিক, আপনাদের সবার রুখে দাঁড়ানো উচিত, সবাইকে প্রতিবাদ করা উচিত।’
