ঢাকাSaturday , 21 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর জোরপূর্বক স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে


November 21, 2026 9:08 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রাণনাশের হুমকি এবং অভিযোগ তুলে নিতে ভুক্তভোগীকে দিয়ে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর—এমন অভিযোগ উঠেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনের বিরুদ্ধে।

অভিযোগকারীর দাবি, অভিযোগের নিষ্পত্তির নামে তাকে গাজীপুরের এক বিএনপি নেতার বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এ সময় তার হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়। পরে গত ২৪ সেপ্টেম্বর ও ১৯ অক্টোবর এ নিয়ে পুলিশে দুটি লিখিত অভিযোগ দেন তিনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বরাবর এগুলো জমা দেওয়া হয়।

ওই নারী বলেন, প্রথম অভিযোগ জমা দেওয়ার দেড় মাসের বেশি সময় পার হলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে তাকে স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে এখন আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

গত ২৪ সেপ্টেম্বরের অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় এক বছর পাঁচ মাস আগে একটি ব্যক্তিগত অভিযোগ নিয়ে তিনি কাশিমপুর থানায় যান। এ সময় সেখানে কর্মরত পুলিশ কর্মকর্তা ইফতেখার হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। এর সুবাদে পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

তার দাবি, ইফতেখার নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এক পর্যায়ে বিভিন্ন সময়ে তার বন্ধু সোহেলের বাড়িতে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ কাজে সোহেল সহযোগিতা করতেন। ইফতেখারের সঙ্গে দেখা করানোর কথা বলে সোহেল নিয়মিত তাকে নিজের বাড়িতে নিয়ে যেতেন।

এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে ইফতেখার পাঁচ বছর অপেক্ষা করতে বলেন। পরে বিয়েতে অস্বীকৃতি জানান। বিষয়টি প্রকাশ হলে পরিণতি ভালো হবে না বলে তাকে হুমকি দেন সোহেল।

ওই নারী বলেন, ইফতেখারের বাবাও ফোন করে তার পরিবারের আর্থিক অবস্থা নিয়ে কটূক্তি করেন। এসবের প্রতিবাদ করলে ইফতেখার তাকে গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেন। পরে নিরুপায় হয়ে তিনি গাজীপুরের জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানান।

তার দাবি, গত ১১ সেপ্টেম্বর সোহেলসহ এক ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল কেড়ে নেন। এ সময় ইফতেখারের সঙ্গে যোগাযোগের কল রেকর্ড ও মোবাইলের বার্তা মুছে ফেলা হয়। তবে এর আগেই কিছু অডিও রেকর্ডিং ও ছবি অন্যত্র সংরক্ষণ করেছিলেন। পরে সেগুলো তদন্ত কর্মকর্তার কাছে জমা দেন।

জিএমপি কমিশনারের কাছে গত ১৯ অক্টোবর এ নিয়ে দ্বিতীয় লিখিত অভিযোগ জমা দেন ওই নারী। এতে তিনি উল্লেখ করেন, ১৮ অক্টোবর তাকে জোরপূর্বক এক বিএনপি নেতার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। পরে তার হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়।

অভিযোগকারীর দাবি, এর মধ্যে আট লাখ টাকা তার কাছে রয়েছে। বাকি দুই লাখ টাকা তার এক কাকা এবং থানার এক ইনফর্মার জোর করে রেখে দিয়েছেন। আট লাখ টাকা সরকারি হেফাজতে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে তিনি প্রস্তুত।

ওই নারী বলেন, ভয়ভীতি দেখিয়ে নেওয়া স্বাক্ষরকে আপসনামা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তিনি কোনো ধরনের আর্থিক সমঝোতা চান না। বরং সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

তার দাবি, প্রথম অভিযোগ ও প্রমাণ জমা দেওয়ার পর কয়েকজন ব্যক্তি এলাকায় গিয়ে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা এবং ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেন। এতে তিনি ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ওই নারী বলেন, ‘তদন্তের জন্য পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ১৬ তারিখে ডাকা হয়েছিল। অসুস্থ থাকায় যেতে পারিনি। আমি কমিশনার স্যারকে ম্যাসেজ দিয়ে জানিয়েছি। সুস্থ হলে যে কোনো দিন যেতে পারব। কমিশনার স্যার বলেছেন, ঠিক আছে।’ আর কোনো আর্থিক সমঝোতা চান না উল্লেখ করে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

জিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. তাহেরুল হক চৌহান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মূল প্রতিবেদন