পৃথিবী সংবাদ ডেস্ক:
গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার গণভোটের রায় মেনে না নিলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখবে জামায়াত।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। গোপালগঞ্জসহ দেশব্যাপী আওয়ামী লীগের অগ্নিসংযোগ, নৈরাজ্য, লুটপাট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকা মহানগর জামায়াত এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জামায়াত রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখবে।
পুলিশের থানা ছেড়ে পালিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি সরকার সৃষ্টি করেছে। যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারেন না, তাঁর মন্ত্রিসভায় থাকা উচিত কি না, তা প্রধানমন্ত্রীকে বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, এমপি-মন্ত্রীদের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিচ্ছে, তাঁদের পালিয়ে বেড়াতে হচ্ছে। বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের খবর সরকার ও বিএনপির জন্য শুভ নয়। এ ধরনের পরিস্থিতি সরকারকে ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে। তবে জামায়াত এখনই সরকারের পদত্যাগ দাবি করছে না; বরং সরকারকে ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনার আহ্বান জানাচ্ছে।
গণভোটের গুরুত্ব তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, গণভোটের রায়ের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন পাস করা গেলেও তা টেকসই করা যায় না। টেকসই আইনের জন্য গণভোটের বিকল্প নেই। তাঁর দাবি, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি ও বিরোধী দলের সম্মিলিত উদ্যোগে তা পাস করতে হবে। একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে দ্রুত গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনেরও দাবি জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে জামায়াতে ইসলামী অতীতের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীকে জামায়াতের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে দেশের বিভিন্ন সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এ কারণে জামায়াতে ইসলামীসহ পুরো জাতি সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে আসছে।
সূত্র: মূল প্রতিবেদন
