পৃথিবী সংবাদ ডেস্ক:
সাংবাদিকদের বিপক্ষে অনানুষ্ঠানিক ফুটবল ম্যাচ খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন (গোড়ালির পেছনের মোটা ও শক্ত রগ) ছিঁড়ে গেছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। শুক্রবার (২০ নভেম্বর) নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।
এই চোটের কারণে আগামী ছয় থেকে আট সপ্তাহ তাঁকে মেডিক্যাল বুট পরে থাকতে হবে। আর পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় নয় মাস সময় লাগতে পারে।
৩৫ বছর বয়সী মামদানি শুক্রবার ক্র্যাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সংবাদ সম্মেলনে আসেন। এ সময় এক সাংবাদিক তাঁর আঘাতের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ফুটবল খেলার সময় চোট পান।
চোট পাওয়ার কারণ হিসেবে খেলার আগে ওয়ার্মআপ না করার কথা উল্লেখ করেন মেয়র। তিনি বলেন, ‘আমি স্ট্রেচিং করিনি।’
তবে ফুটবলপ্রেমী মামদানি আনন্দের সঙ্গে জানান, মাঠে নামার পরপরই তিনি একটি গোল করেছিলেন। রসিকতা করে তিনি বলেন, ‘আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বয়স ৩৫।’ এ ছাড়া তিনি জানান, শেষ পর্যন্ত তাঁর দল সাংবাদিকদের দলকে হারিয়ে জয় পেয়েছে।
উল্লেখ্য, ম্যানহাটনের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি ইনডোর ফুটবল মাঠে মেয়রের দপ্তরের কর্মী ও প্রায় ২৪ জন সাংবাদিকের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর মামদানি সেখানে পৌঁছান এবং মাঠে নামেন।
সূত্র: মূল প্রতিবেদন
