ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে এবার বিজিবির মামলা, আসামি ৫ হাজার ৮ জন


November 27, 2026 12:27 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ পুড়িয়ে দেওয়া ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া নাম উল্লেখ করে আরও সাতজন এবং অজ্ঞাতনামা ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মামলার আসামি ৫ হাজার ৮ জন।

গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।

শুক্রবার (২৭ নভেম্বর) গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে নিউটন মোল্লা ছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালুসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে বিজিবির একটি দল টহল দিচ্ছিল।

এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। পথে উপজেলার নিলফা বাজার এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে তাদের চলাচলে বাধা সৃষ্টি করেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, বিজিবি সদস্যরা তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানালেও একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিজিবির সদস্যদের ওপর আক্রমণ করা হয়। হামলাকারীরা বিজিবির একটি এপিসি ও একটি জিপে আগুন ধরিয়ে দেয়।

হামলায় বাধা দিতে গিয়ে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন।

মামলার বিবরণে আরও বলা হয়, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও আগুনে ভস্মীভূত হয়। এ ছাড়া অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট এবং একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়।

একই ঘটনায় বিজিবির গাড়িতে থাকা সরকারি একটি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগও করা হয়েছে। সব মিলিয়ে হামলায় আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন