ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ব্যারাকে না ফিরে হাসপাতালের বারান্দায় কলেজছাত্রীকে নিয়ে রাত কাটালেন কারারক্ষী


November 25, 2026 10:06 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

ডিউটি শেষ হলেও কারাগারের ব্যারাকে ফেরেননি এক কারারক্ষী। বরং এক কলেজছাত্রীকে সঙ্গে নিয়ে রাত কাটিয়েছেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায়। তাদের অবস্থান ও আচরণে সন্দেহ হলে রোগীর স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী।

অভিযুক্ত কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ওই ছাত্রী তার সঙ্গে দেখা করতে জয়পুরহাটে আসেন। ওয়াজেদের রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালনের কথা ছিল। দায়িত্ব শেষে ব্যারাকে না ফিরে তিনি ওই ছাত্রীকে নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় অবস্থান করেন।

এ সময় তাদের আচরণে সন্দেহ হলে রোগীর স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ হাসপাতালে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার থানায় গিয়ে দেখা যায়, কারারক্ষী ওয়াজেদ আলীকে হাজতে এবং কলেজছাত্রীকে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়েছে।ওই কলেজছাত্রী বলেন, রাতে ওয়াজেদ আলীর সঙ্গে হাসপাতালে অবস্থান করার সময় লোকজন তাদের আটক করেন। পরে পুলিশ থানায় নিয়ে আসে। ওয়াজেদের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি তিনি জানেন। তার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। তবে এ ঘটনায় তিনি কোনও মামলা করতে চান না। ওয়াজেদের চাকরির ক্ষতি হোক, সেটিও চান না।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ দুজনকে পুলিশের কাছে দিয়েছে। এ ঘটনায় এখনো কোনও মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত ওয়াজেদ আলীর দায়িত্ব ছিল। মঙ্গলবার সকাল ৬টা থেকে তার আবার দায়িত্ব পালনের কথা থাকলেও তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। থানার একজন পুলিশ সদস্য কারাগারে এসে ঘটনাটি জানিয়েছেন। বিষয়টি বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।

সূত্র: মূল প্রতিবেদন