ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার


November 25, 2026 9:59 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর দাবি করে তা প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদ-অনুমোদিত একটি সরকারি সফরের দিনই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এটি কাকতালীয় নয়। বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার পরিকল্পিত প্রচেষ্টা এটি।

তিনি বলেন, প্রতিবেদনে দাবি করা হয়েছে, মন্তব্য চাওয়া হলেও ডা. শফিকুর রহমান সাড়া দেননি। এ দাবি সম্পূর্ণ অসত্য। প্রতিবেদন প্রকাশের আগে তার কার্যালয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কিংবা সফরসঙ্গী কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি। বক্তব্য না নিয়েই জবাব দেননি বলে উল্লেখ করা সাংবাদিকতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থান বিশ্বের অসংখ্য সরকার ও জনগণের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে চিত্রিত করা উদ্দেশ্যমূলক বিকৃতি। ডা. শফিকুর রহমান জাতি-ধর্ম নির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো হামলার বিরোধী।

তিনি আরও বলেন, পুরো প্রতিবেদনটি দাঁড়িয়ে আছে একজন অভিবাসন প্রতিনিধির ভিসা বাতিলের আবেদনের ওপর। জানা গেছে, ওই ব্যক্তি শেখ মুজিব ও তার পরিবারের প্রশংসামূলক চলচ্চিত্র ‘বাবা’র রচয়িতা ও পরিচালক। তবে পাঠকদের কাছে তার এই রাজনৈতিক পরিচয় গোপন রাখা হয়েছে। যারা ফ্যাসিবাদের অবসানে লড়াই করেছেন, তাদের উগ্রবাদী হিসেবে চিহ্নিত করে চরিত্রহনন করা পতিত স্বৈরাচারের পুরোনো বয়ান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, তারা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন। তবে সেই স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স নয়। ‘দ্য অস্ট্রেলিয়ান’কে অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার, ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ এবং প্রকাশ্যে সংশোধনী দিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। অন্যথায় সব ধরনের আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

সূত্র: মূল প্রতিবেদন