পৃথিবী সংবাদ ডেস্ক:
সিরাজগঞ্জে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাবনা জেলার ফরিদপুর উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান সাগরসহ তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে রাতভর সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া এবং সদর উপজেলার বাগবাটি ও সয়দাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সাগর, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রাঙ্গালিয়াগাঁতী গ্রামের সবুর উদ্দিন সরকারের ছেলে মো. ইলিয়াস সরকার (২২) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক পঞ্চসোনা গ্রামের আবু বক্কর মন্ডল ওরফে বাশারের ছেলে মো. মাইনুল ইসলাম (১৯)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সাগর পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতার পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত। নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তিনি সিরাজগঞ্জে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফরিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পাবনার ফরিদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
ওসি রাকিবুল হাসান আরও জানান, একই দিনে বাগবাটি ও রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
