পৃথিবী সংবাদ ডেস্ক:
খুলনা নগরীতে ছয় লাখ টাকা চাঁদা না পেয়ে এক এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
নগরের টুটপাড়া মহিরবাড়ি খালপাড় জনকল্যাণ সমিতির সামনে আজ বুধবার (২৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে দক্ষিণ টুটপাড়া খ্রিষ্টানপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী মিল্টন বারিকদার সিএএস আভা সেন্টারের জেনারেল ম্যানেজার। তাঁর অভিযোগ, এলাকার কয়েকজন চিহ্নিত ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে কয়েক দফা প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরপরও হুমকি অব্যাহত ছিল। সর্বশেষ আজ দুপুরে চাঁদার দাবিতে তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।মিল্টন বারিকদার অভিযোগ করেন, রিচার্ড বেঞ্জামিন বিশ্বাস ওরফে বিন্দু, ওবায়দুল, সোহেল, মুকুল, তুষার বালা, নাটা সোহেল, ছোট জাহাঙ্গীর, মেহেদী ও আব্দুল্লাহসহ আরও কয়েকজন তাঁর কাছে চাঁদা দাবি করে আসছেন। তাঁদের হুমকি ও গুলির ঘটনায় তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: মূল প্রতিবেদন
