পৃথিবী সংবাদ ডেস্ক:
চট্টগ্রামের চন্দনাইশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি অস্বীকার করে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক দাবি করেছেন, এমন কিছু সেখানে ঘটেনি।
যদিও স্থানীয় সূত্র বলছে, পেট্রোল বোমা বিস্ফোরণের পর ভবনটির দেওয়ালে পোড়া দাগ পড়েছিল। সেখানে নতুন রঙের প্রলেপ দেওয়া হয়েছে। এছাড়াও বিস্ফোরণের আরও বেশ কয়েকটি আলামত পাওয়া গেছে।
জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাত আনুমানিক ২টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ব্যাংকটির শাখায় আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে তারা পালিয়ে যান। তবে এ ঘটনার পর আলামত মুছে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে।
ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মোক্তার আহমদ দাবি করেছেন, গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। বার্ষিক হিসাব-নিকাশের অডিট চলায় ঘটনার রাতে তারা ব্যাংকেই অবস্থান করছিলেন। রাত আনুমানিক ২টার দিকে ভবনের বাইরে বিকট শব্দ শুনতে পান। পরে বাইরে গিয়ে আগুনের কোনো আলামত দেখতে পাননি। কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় এ ঘটনায় প্রশাসনিক কোনো ব্যবস্থাও নেননি।
তবে ভবনটিতে আগুনের আলামত মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে দেওয়ালের পোড়া অংশে নতুন রঙের প্রলেপ, রঙের কাজে ব্যবহৃত ব্রাশ, গাছের পাতায় রঙের ফোঁটা এবং পেট্রোল বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন ভাঙা কাচের বোতলের টুকরা দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতিয়ার উদ্দিন বলেন, পতিত ফ্যাসিস্টদের দোসররা চন্দনাইশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তবে তাদের এসব অপতৎপরতায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় কোনো প্রভাব পড়েনি।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, ঘটনার খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সূত্র: মূল প্রতিবেদন
