পৃথিবী সংবাদ ডেস্ক:
পোশাক শ্রমিকদের ব্যাপক অসন্তোষের মুখে অবশেষে তাদের নিম্নতম মজুরি এখন ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। এমন পদক্ষেপের পরও আন্দোলন থামেনি এখন পর্যন্ত। গাজীপুর, সাভার, আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে এখনও শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ এবং কারখানা বন্ধের খবর আসছে। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষের ঘটনাও ঘটে চলেছে।
বিবিসি বাংলার বিশ্লেষণ বলছে, শ্রমিক ও মালিকদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর বুধবার ভোর রাতে তৈরি পোশাক খাতে কর্মরতদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা ঘোষণা করে মজুরি বোর্ড। কিন্তু নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত শ্রমিকদেরকে খুশি করতে পরেনি মজুরি বোর্ডের এই সিদ্ধান্ত।
এর প্রভাবই দেখা গেছে বুধবার সকাল থেকে। সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন অনেক শ্রমিক। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাত ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার, আশুলিয়া ও গাজীপুরে ১৮ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদরদপ্তর।
শ্রমিক নেতাদের অনেকেই মনে করেন যে, মজুরি বোর্ডের সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বলেই শ্রমিকদের কেউ কেউ এখনও বিক্ষোভ করছেন। তবে, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও মনে করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
এদিকে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্ত বাংলাদেশের পোশাক খাতকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতার মুখে ফেলবে বলেই মনে করা হচ্ছে।
পোশাক কারখানা মালিকদের অনেকেই বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং বৈশ্বিক জ্বালানি মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে আগে থেকেই চাপে থাকা বাংলাদেশের পোশাক খাত, আরও চাপে পড়বে।
এমন প্রেক্ষাপটে, আন্দোলন না করে শ্রমিকদেরকে কাজে ফেরার আহ্বানও জানিয়েছেন তারা।
নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শ্রমিকদেরকে কোনো ধরনের অপপ্রচার বা উসকানিতে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকেও। কারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শ্রমিকদেরকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।
তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করা করা হয়েছে মঙ্গলবার গভীর রাতে; যেখানে গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি করা হয়েছে।
এই ঘোষণার পরও সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকেই বিক্ষোভ করেছেন অনেক শ্রমিক। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে সাভারের হেমায়েতপুর এবং গাজীপুরের আশুলিয়াসহ বিভিন্ন এলাকায়।
আজ বুধবার সকাল নয়টার দিকে সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি মোড়ে সড়ক অবরোধের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। এসময় কয়েকটি কারখানায় বাইরে থেকে ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুরের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
পুলিশ বলছে, শ্রমিকরা রাস্তায় নামলে শুরুতে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও কাজ হয়নি। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সড়ক থেকে সরানো হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলছেন, শ্রমিকদের আন্দোলন এখন আর শুধু শ্রমিকদের আন্দোলন নয়। শ্রমিকদের আন্দোলনে অনেক তৃতীয় পক্ষ ঢুকেছে, সেক্টরটাকে অস্থিতিশীল করার জন্য।
আজ বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে গাজীপুরের ভোগড়া এবং নাওজোড় এলাকায়ও।
স্থানীয় গণমাধ্যম কর্মী এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল নয়টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক কিরণ কুমার রায় জানান, সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় খণ্ড খণ্ড ভাবে জড়ো হন শ্রমিকরা। একপর্যায়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়।
পুলিশ বলছে, আন্দোলনের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও। সকাল সাড়ে দশটার পর থেকে যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে।
এসময় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের একজন সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে গাজীপুরে অন্তত ৩৫ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এছাড়া জেলার অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে বিজিবি, এসআরবি এবং আনসার সদস্যরা মাঠে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
সূত্র: মূল প্রতিবেদন
