Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:
এক দশকে দেশের উৎপাদন খাতে গড়ে ১০ শতাংশ হারে প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান বাড়েনি। বরং ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে এ খাতে কর্মরত মানুষের সংখ্যা ১৪ লাখ কমেছে। একই সময়ে উৎপাদন খাতে নারীদের কর্মসংস্থান কমেছে প্রায় অর্ধেক। অর্থাৎ শিল্পের উৎপাদন বাড়লেও সেই অনুপাতে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না।গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) এক উপস্থাপনায় এ তথ্য তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে এ–সংক্রান্ত প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ রাজ্জাক। বিবিএসের তথ্য বিশ্লেষণ করে এই প্রবন্ধ তৈরি করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ। এতে বক্তব্য দেন ফ্রিডরিখ এবার্ট ফাউন্ডেশন বাংলাদেশের কর্মসূচি উপদেষ্টা সাধন কুমার দাস।র্যাপিডের উপস্থাপনায় বলা হয়, ২০১৩ সালে উৎপাদন খাতে কর্মরত মানুষের সংখ্যা ছিল ৯৫ লাখ। ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ৮১ লাখে। এ সময়ে খাতটির উৎপাদন প্রতিবছর গড়ে ১০ শতাংশ হারে বেড়েছে। উৎপাদন বাড়লেও কর্মসংস্থান কমার এই প্রবণতা শিল্পায়নের সুফল শ্রমবাজারে কতটা পৌঁছাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।উৎপাদন খাতে নারীদের কর্মসংস্থান কমার চিত্র আরও উদ্বেগজনক। ২০১৩ সালে উৎপাদন খাতে নারী শ্রমিকের সংখ্যা ছিল ৩৭ লাখ ৮০ হাজার। ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ১৯ লাখ ৫০ হাজারে। অন্যদিকে তৈরি পোশাক খাতের রপ্তানি ২০১০ সালের ১ হাজার ২৫০ কোটি ডলার থেকে বেড়ে ২০২৩ সালে ৪ হাজার কোটি ডলারে পৌঁছালেও এ খাতে কর্মসংস্থান প্রায় ৪০ লাখে স্থির রয়েছে।অনুষ্ঠানে এম এ রাজ্জাক বলেন, পোশাক খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার কর্মসংস্থান কমিয়েছে। ২০১৩ সালে ১০ লাখ ডলারের কাজ করতে ২০০ কর্মী লাগত। এখন ১০০ জনের কম কর্মী লাগে। চীন ও ভিয়েতনামে একই পরিমাণ কাজের জন্য কর্মীর সংখ্যা আরও কম। তাই ভবিষ্যতে কর্মসংস্থান বাড়াতে রাষ্ট্রকে জোরালো ভূমিকা নিতে হবে।এ কারণে অনুষ্ঠানে বক্তারা অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান তৈরিকে নীতিনির্ধারণের কেন্দ্রে রাখার সুপারিশ করেন। এ জন্য স্বাস্থ্য, শিক্ষা ও সেবা খাতে বিনিয়োগ, নারী ও তরুণদের কারিগরি দক্ষতা বাড়ানো এবং পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।কর জিডিপি কম কেনঅনুষ্ঠানে র্যাপিডের আরেকটি উপস্থাপনায় দেশের করব্যবস্থার দুর্বলতা ও বৈষম্যের চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, প্রচলিত কর আইন পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দেশের কর-জিডিপি অনুপাত ১৩ দশমিক ৪৭ শতাংশে পৌঁছাতে পারত। বর্তমানে ব্যক্তিশ্রেণির সম্ভাব্য আয়করের মাত্র এক-পঞ্চমাংশ এবং সম্ভাব্য ভ্যাটের অর্ধেকের কম আদায় হচ্ছে।উপস্থাপনায় আরও বলা হয়, ই-টিআইএনধারীদের মধ্যে মাত্র ৪৩ শতাংশ এবং নিবন্ধিত কোম্পানির ২৩ দশমিক ৬ শতাংশ আয়কর রিটার্ন জমা দেয়। মোট করের ৬৭ শতাংশ আসে পরোক্ষ কর থেকে। এর মধ্যে ভ্যাটের অংশ ৩৯ শতাংশ। কর আদায়ের দুর্বলতার পেছনে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতাকেও দায়ী মনে করছে সংস্থাটি।প্রবন্ধে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে নিবন্ধিত ৩ লাখ ৫৩ হাজার ৭৬২টি ভ্যাট প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৪৯৭টির অডিট করা হয়েছিল। এ ছাড়া শ্রমবাজারের বড় অংশ অনানুষ্ঠানিক খাতের হওয়ায় এবং বিশেষ আদেশে কর অব্যাহতির সুযোগ করব্যবস্থার পরিধি বাড়ানোর পথে বাধা তৈরি করছে। কর ফাঁকি রোধ, ধনীদের সম্পদের ওপর প্রত্যক্ষ কর বাড়ানো এবং দরিদ্র মানুষের ওপর ভ্যাটের চাপ কমানোর সুপারিশ করেছে র্যাপিড। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণ গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
