পৃথিবী সংবাদ ডেস্ক:
লালমনিরহাট শহরের মিশোনমোরে ২০০টি জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) মিশনমোরে একটি হোটেলে অভিযান চালিয়ে প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাল নোট সরবরাহের অভিযোগে অপরজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে মো. জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নবাবগঞ্জ এলাকার মো. নূর আলম (৩৮)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা পুলিশের একটি দল মিশন মোড় এলাকার ওই হোটেলে অভিযান চালায়। এ সময় জুলফিকার আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার সঙ্গে থাকা দুটি খাকি খাম তল্লাশি করে ৫০০ টাকা মূল্যমানের ৭০টি এবং ২০০ টাকা মূল্যমানের ১৩০টি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি ভিভো ওয়াই ৩০ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলফিকার আলী এসব জাল নোটের সরবরাহকারী হিসেবে নূর আলমের নাম জানান। পরে অভিযান চালিয়ে তাকেও গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আরও দুই থেকে তিনজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
