ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে অর্থনৈতিক সংকটে বন্ধের মুখে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান


November 27, 2026 10:26 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে গুরুত্বপূর্ণ ১১০ কোটি ডলার (১ দশমিক ০৩ বিলিয়ন ইউরো) ঋণসহায়তার অর্থ ছাড়ে বিলম্বের মধ্যে পাকিস্তানে ওষুধশিল্পের সংকট আরও ঘনীভূত হচ্ছে।

দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সাম্প্রতিক মাসগুলোতে ওষুধ উৎপাদন ২১ দশমিক ৫ শতাংশ কমে গেছে। এর প্রধান কারণ, কাঁচামাল আমদানিতে সহায়তা করতে বাণিজ্যিক ব্যাংকগুলোর দীর্ঘদিনের অস্বীকৃতি।

পাকিস্তান ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ ফারুক বুখারি ডয়চে ভেলেকে (ডিডব্লিউ) জানান, চলতি বছরের জানুয়ারিতে ব্যাংকগুলো আমদানি ব্যয়ের অর্থ পরিশোধের আনুষ্ঠানিক নিশ্চয়তা হিসেবে লেটার অব ক্রেডিট (এলসি) ইস্যু করা আবার শুরু করে। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকায় ব্যাংকগুলো এলসির জন্য করা আবেদনের মাত্র প্রায় ৫০ শতাংশ অনুমোদন দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ পরিশোধের নিশ্চয়তা দিয়ে পণ্য আমদানিকারকদের এসব নথি ইস্যু করা হয়।

বুখারি উল্লেখ করেন, এলসির আবেদনের মাত্র ৫০ শতাংশ অনুমোদন দেওয়ার ফলে ‘ওষুধের সংকট তৈরি হচ্ছে এবং পাইকারি ও খুচরা বিক্রেতারা ওষুধ মজুত করছেন।’

কর্মকর্তারা এলসি-সংক্রান্ত সমস্যার জন্য দেশটির উদ্বেগজনকভাবে কম বৈদেশিক মুদ্রার রিজার্ভকে দায়ী করছেন। তাঁদের দাবি, আইএমএফের কাছ থেকে ১১০ কোটি ডলারের ঋণসহায়তার কিস্তি ছাড় না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে।

গত মাসে আইএমএফের একটি প্রতিনিধিদল পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ইসলামাবাদে আলোচনা করে। তবে অর্থ ছাড়ের বিষয়ে কোনো চুক্তি ছাড়াই প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রে ফিরে যায়।

পাকিস্তানে উৎপাদিত অধিকাংশ ওষুধ ও অন্যান্য ওষুধশিল্পজাত পণ্যের কাঁচামাল আমদানি করতে হয়। গত এক বছরে পাকিস্তানি রুপির ব্যাপক অবমূল্যায়নের কারণে এসব কাঁচামালের দাম বেড়েছে।

পাকিস্তানে ওষুধের খুচরা বিক্রয়মূল্য দেশটির ড্রাগ রেগুলেটরি অথরিটির (ডিআরএপি) সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার নির্ধারণ করে।

তবে মূল্যস্ফীতি ইতিমধ্যে প্রায় ৩১ দশমিক ৫ শতাংশে পৌঁছানোয় জনসাধারণের প্রতিক্রিয়ার আশঙ্কায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার ওষুধের দাম সার্বিকভাবে ৩৮ দশমিক ৫ শতাংশ বাড়ানোর জন্য শিল্প খাতের অনুরোধ গ্রহণ করছে না।

সম্প্রতি ডিআরএপি ব্যথানাশক ও জ্বর কমানোর ওষুধসহ ১৯টি ওষুধের দাম সামান্য বাড়ানোর অনুমোদন দিয়েছে। তবে শিল্প খাত এই সিদ্ধান্তকে অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছে।

বুখারি বলেন, কয়েক সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলারের দাম ২৩০ পাকিস্তানি রুপি থেকে বেড়ে প্রায় ২৭০ রুপিতে পৌঁছেছে। একই সঙ্গে জ্বালানি ও পরিষেবা খাতের ব্যয়ও বাড়ছে। ফলে কিছু ওষুধ উৎপাদন আর অর্থনৈতিকভাবে সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, ‘চারটি বহুজাতিক ওষুধ কোম্পানি ইতিমধ্যে দেশ ছেড়ে চলে গেছে। আরেকটি কোম্পানি ফোর্স মেজর (অনিবার্য পরিস্থিতি) ঘোষণা করেছে। উৎপাদন ব্যয় বহন করতে না পারায় আরও ৪০টি দেশীয় কোম্পানি আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছে, তারা উৎপাদন বন্ধের পথে।’

বুখারি আরও বলেন, ওষুধের মূল্য নির্ধারণ-সংক্রান্ত মামলাজটের কারণে শিল্প খাতের জন্য স্বস্তিমূলক পদক্ষেপ বিলম্বিত হচ্ছে।

ওষুধ কোম্পানিগুলো আরও অভিযোগ করেছে, ডলার সংকটের কারণে বাজারে অর্থ পরিশোধে বিলম্ব হচ্ছে। এ কারণে চীন, ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কাঁচামাল এবং চিকিৎসা সরঞ্জাম বহনকারী বহু জাহাজ ও কনটেইনার সমুদ্রবন্দরে আটকে রয়েছে।

দুই মাস আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ওষুধশিল্পের সমস্যাগুলো খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেন। তবে এখন পর্যন্ত কমিটিটি ওষুধ প্রস্তুতকারকদের সঙ্গে বৈঠক করেনি। এদিকে ক্রমবর্ধমান এই সংকট রোগীদের চিকিৎসাসেবা এবং কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের জন্য হুমকি হয়ে উঠেছে।

পাকিস্তানের বিভিন্ন স্থানে ওষুধ ও ওষুধশিল্পজাত পণ্যের সংকটের খবর পাওয়া গেছে।

পাকিস্তান ড্রাগ লইয়ার্স ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ নূর মেহের উল্লেখ করেন, আমদানি করা জীবনরক্ষাকারী ওষুধের প্রায় ১০ শতাংশের সরবরাহে ঘাটতি রয়েছে।

তিনি আরও দাবি করেন, বাজারে ডায়াবেটিস, হৃদ্‌রোগ, কিডনি ও হাঁপানির ওষুধ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি কিছু আমদানি করা ওষুধ ও কাঁচামাল বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে।

রাজধানী ইসলামাবাদের দ্বিতীয় বৃহত্তম সরকারি হাসপাতাল ফেডারেল গভর্নমেন্ট পলিক্লিনিকের চিকিৎসকেরা ওষুধের সংকটের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, সংকটে থাকা ওষুধের মধ্যে রয়েছে কেটাকনজোল (ছত্রাকজনিত সংক্রমণের ওষুধ), রিসেক ইনজেকশন (পাকস্থলী ও খাদ্যনালিসংক্রান্ত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত), ভিটা ৬ (যক্ষ্মার চিকিৎসায় ব্যবহৃত), ট্রেভিয়ামেন্ট (ডায়াবেটিসের ওষুধ), নিউরোমেট (রক্তস্বল্পতা ও স্নায়ুর ক্ষতিজনিত সমস্যায় ব্যবহৃত) এবং হেপারিন ইনজেকশন (রক্ত পাতলা করার ওষুধ)।

মৃগীরোগে আক্রান্ত এক নারী রোগী নিজের পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ডিডব্লিউকে বলেন, স্নায়ুর ব্যথা উপশমে ব্যবহৃত টেগ্রাল ট্যাবলেটের তীব্র সংকটের কারণে তাঁর পরিবারকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে হচ্ছে।

তিনি বলেন, ‘চিকিৎসকেরা আমাকে বিকল্প ওষুধ দিয়েছেন। কিন্তু দায়িত্বে থাকা ব্যক্তিরা এতটা অবহেলার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবাকে উপেক্ষা করছেন—এটি সত্যিই হতাশাজনক। দুঃখজনক বিষয় হলো, আপনার কাছে টাকা থাকলেও যে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পাবেন, তার কোনো নিশ্চয়তা নেই।’

বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ক্যানসার চিকিৎসার একমাত্র হাসপাতাল কোয়েটার সেন্টার ফর নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড রেডিওথেরাপি।

হাসপাতালটির ক্যানসার বিশেষজ্ঞ ও প্রধান চিকিৎসা কর্মকর্তা জামিলা শুজা ডিডব্লিউকে বলেন, কয়েক মাসের মধ্যে প্রায় সব কেমোথেরাপির ওষুধের দাম দ্বিগুণ হয়েছে। অধিকাংশ ক্যানসার রোগী অত্যন্ত দরিদ্র হওয়ায় এর ফলে তাঁদের রোগের পূর্বাভাস ও চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, ‘ক্যানসার রোগীদের দেওয়া ডক্সোরুবিসিন ও কেপোক ইনজেকশন ফার্মেসিগুলোতে পাওয়া যাচ্ছে না। তবে কালোবাজারে এগুলো সরকার নির্ধারিত দামের চেয়ে ১০ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে।’

ইসলামাবাদের নাজিব ফার্মেসির বিক্রয়কর্মী মুহাম্মদ ওয়াহিদ বলেন, অ্যারিনাক (ঠান্ডাজনিত সমস্যা ও সাইনোসাইটিসের ওষুধ) এবং থাইরয়েডের ওষুধ দীর্ঘদিন ধরে মজুত নেই।

এ ছাড়া আমদানি করা অক্সিজেনেটর, করোনারি স্টেন্ট, অঙ্গ প্রতিস্থাপনের কিট ও সিরিঞ্জের অপ্রাপ্যতা কিংবা সরবরাহের ঘাটতির কারণে সরকারি হাসপাতালগুলোতে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার স্থগিত রাখার খবরও পাওয়া গেছে।

সূত্র: মূল প্রতিবেদন