ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী


November 27, 2026 9:48 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে হুমকি দিয়ে, আগুন জ্বালিয়ে কিংবা গোপালগঞ্জের লোকজনকে ব্যবহার করে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করে কোনো লাভ হবে না। দেশের মানুষের শান্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকব। সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।’

আজ শুক্রবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালি গ্রামের মাঠে চাপালি যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘কেউ মোটরসাইকেলে বোমা ফাটিয়ে চলে গেলে বিএনপির নেতা-কর্মী, প্রশাসন ও বিরোধী দল চুপ করে বসে থাকবে—এমনটি ভাবার কোনো কারণ নেই। আমাদের নেতা–কর্মীরাও প্রতিপক্ষের বাড়িঘর চেনেন, তাঁদেরও মোটরসাইকেল ও গাড়ি রয়েছে।’ ১৭ বছর ক্ষমতায় থেকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই দিনের পুনরাবৃত্তির স্বপ্ন না দেখার জন্য তিনি সতর্ক করেন।

মাদক কারবারি ও মাদকসেবীদের পক্ষে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তদবির না করার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, বিএনপি কিংবা জামায়াত—কোনো দলের নেতা-কর্মীই যেন মাদক কারবারি বা মাদকসেবীদের ছাড় দেওয়ার জন্য সুপারিশ না করেন। এ বিষয়ে তাঁর বার্তা স্পষ্ট বলেও উল্লেখ করেন তিনি।

আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, দেশের মানুষ ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের সন্ত্রাস ও রক্ষীবাহিনীর কর্মকাণ্ড দেখেছে। ওই সময়ে জাসদের ৩০ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রথম গুমের ঘটনা ঘটেছিল ১৯৭২ সালের ৩১ অক্টোবর কেরানীগঞ্জে। মাগরিবে অজু করার সময় রক্ষীবাহিনী সিদ্দিক মাস্টারকে ধরে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেননি। এ ছাড়া বাংলাদেশের প্রথম বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন সিরাজ সিকদার। তাঁকে তৎকালীন পুলিশ কর্মকর্তা এসপি মাহবুব হত্যা করেন বলে দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, সিরাজ সিকদারের হত্যার পর তৎকালীন সংসদে শেখ মুজিবুর রহমানের বক্তব্যও ইতিহাসের অংশ হয়ে আছে।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে আসাদুজ্জামান জানান, গত ১৭ বছরে তাঁদের সাড়ে চার হাজার সহযোদ্ধাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে এবং ৭০০ জনকে গুম করা হয়েছে। রাজনৈতিক কারণে বিএনপির সাত লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ২০ দিনে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। এত কিছুর পরও যারা আগুন-সন্ত্রাস চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আসাদুজ্জামান বলেন, গোপালগঞ্জের লোকজনকে দিয়ে আগুন জ্বালিয়ে কোনো লাভ হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে চাপালি যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঝিনাইদহের হামদহ ফুটবল দলকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হরিণাকুণ্ডু ফুটবল দল। আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আইনমন্ত্রী।

সূত্র: মূল প্রতিবেদন