পৃথিবী সংবাদ ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম পদ্ধতিতে পাঠদানকারী শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
‘ওবিই টিচার্স ওরিয়েন্টেশন ট্রেনিং’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা ২৭ ও ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর ও ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের কোর্স শিক্ষক ও পরীক্ষা কমিটির সদস্যরা অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণে মোট ৪১৬ জন শিক্ষককে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিদিন দুটি পৃথক ভেন্যুতে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে পাঠপরিকল্পনা প্রণয়ন, ওবিই কারিকুলামের বিভিন্ন বিষয় এবং শিক্ষাদান পদ্ধতি নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এর মাধ্যমে শিক্ষকদের ওবিইভিত্তিক পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে ধারণা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বক্তব্যে তিনি বলেন, ‘আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা অর্জন হবে শিক্ষার অন্যতম প্রধান অনুষঙ্গ।’
তিনি আরও বলেন, গবেষণার জন্য শুধু অর্থায়নের অপেক্ষায় না থেকে নিজেদেরও উদ্যোগী হতে হবে। সময় বের করে নতুন সমস্যা খুঁজতে হবে, গবেষণার বিষয় নির্ধারণ করতে হবে এবং সমাধানের পথ বের করতে হবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ ও সুযোগ তৈরিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি। এ সময় অল্প সময়ের মধ্যে বহুল আকাঙ্ক্ষিত চবির টিএসসির কাজ শুরু হবে বলেও জানান উপাচার্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহাদাত হোছাইন, প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. কামরুল হোসেনসহ অন্যরা।
সূত্র: মূল প্রতিবেদন
