ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

জবিতে কাল ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব, বিদেশে যাবে চার শিক্ষার্থী


November 27, 2026 7:27 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৭-এর চূড়ান্ত পর্ব। দেশের ১৪টি আঞ্চলিক অঞ্চল থেকে নির্বাচিত ২৭৩ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করবেন। চূড়ান্ত পর্বের ফলাফলের ভিত্তিতে সেরা চারজন শিক্ষার্থীকে আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে (আইসিএইচও) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শুরু হবে। পরে বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান।

আয়োজকদের তথ্য অনুযায়ী, চূড়ান্ত পর্বে নির্বাচিত চার শিক্ষার্থী আগামী ১৯ থেকে ২৮ জুলাই ২০২৭ পর্যন্ত তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দেশের ১৪টি আঞ্চলিক কেন্দ্রে একযোগে অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রাথমিক পর্বের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রতিযোগীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

অলিম্পিয়াডের আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক। আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রসায়নবিষয়ক জ্ঞান, সৃজনশীলতা ও বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

সূত্র: মূল প্রতিবেদন