পৃথিবী সংবাদ ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের নিরাপত্তাকর্মীরা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও চবি শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ বলেন, টিউশন শেষে ফেরার পথে বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনে উঠতে গিয়ে তিনি এ ঘটনার মুখোমুখি হন। বগিতে ওঠার ঠিক আগমুহূর্তে একজন আগুন লাগার কথা জানালে রেলওয়ের এক কর্মী আগুন নেভাতে এগিয়ে যান। পরে তিনিও সহযোগিতা করেন। একপর্যায়ে তাঁরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
তিনি আরও বলেন, প্রথমে ঘটনাটিকে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি মনে হলেও পরে বগির ভেতরে তীব্র কেরোসিনের গন্ধ পাওয়া যায়। পরীক্ষা করে ভেতরে একটি কেরোসিনের বোতল পাওয়া যায়। বগির সিটগুলোতেও কেরোসিন মাখানো ছিল। এসব দেখে তাঁর মনে হয়েছে, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানোর চেষ্টা করেছে।
চবি প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম বলেন, নগরীর বটতলী রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে রাত ৮টা ৫ মিনিটের দিকে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। ট্রেনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সময় এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে এ ঘটনা ঘটে। পরে ওই ট্রেন পরিবর্তন করে শিক্ষার্থীদের অন্য একটি ট্রেনে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, ঘটনাটিকে নাশকতার চেষ্টা বলে মনে হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষকে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায়, ছাড়ার আগে কিংবা অন্য যেকোনো অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করার কথা জানানো হয়েছে। বটতলী স্টেশনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
প্রক্টর বলেন, সাধারণত ট্রেন চলমান অবস্থায় এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ থাকে না। তবে ট্রেন থেমে থাকা অবস্থায় যথাযথ নিরাপত্তা না থাকলে দুর্বৃত্তরা সুযোগ নিতে পারে। তাই ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায়ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
সূত্র: মূল প্রতিবেদন
