পৃথিবী সংবাদ ডেস্ক:
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী উপহার দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল। চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের পাশে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালিত ক্লাসরুমে শিশুদের হাতে এসব শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের অত্যন্ত ভালোবাসেন। তিনি সবসময় শিশুদের আগামীর বাংলাদেশ হিসেবে উল্লেখ করেন। আপনারা দেখেছেন, আজ তাঁর জন্মদিনেও তিনি শিশুদের উপহার দিয়েছেন। তাঁর শিশুদের প্রতি ভালোবাসা ও এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের স্বপ্ন দেখার পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন ফারহান, যুগ্ম সাধারণ সম্পাদক আকিজ মাহমুদ, জলবায়ুবিষয়ক সম্পাদক আব্দুর রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তৈমুরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
শিশুদের শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবনে উৎসাহ জোগানোর প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
সূত্র: মূল প্রতিবেদন
