ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সুখে থাকতে যেন ভূতে না কিলায়, যেভাবে আছেন শান্তিতে থাকেন: আমির হামজা


November 27, 2026 7:27 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

কুষ্টিয়ায় ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সবাইকে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজি প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আমির হামজা বলেন, দেশের বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। কুষ্টিয়াও এর বাইরে নয়। জেলা কারাগারের সামনে ককটেল বিস্ফোরণ এবং পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় যেন সরকারকে বহন করতে না হয়, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া ঘোষণার বাস্তবায়ন দেখতে চান তাঁরা। তবে কুষ্টিয়ায় এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

কুষ্টিয়ায় আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন আমির হামজা। তাঁর দাবি, গত রাতের হামলায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার সময় চাপাতি দিয়ে কোপানো ও গুলি চালানোর অভিযোগ তুলে তিনি বলেন, এ ঘটনায় প্রায় ৫০ থেকে ৬০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের উদ্দেশে আমির হামজা বলেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

তিনি আরও জানান, সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে দেশের ৬৪ জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। কুষ্টিয়ার কর্মসূচিও এর অংশ।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনের সুরা আম্বিয়ার ৯৫ নম্বর আয়াতের উল্লেখ করেন। তাঁর বক্তব্য, আল্লাহর বিধান অনুযায়ী ধ্বংসপ্রাপ্ত জনপদের অধিবাসীদের ফিরে আসার সুযোগ নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, কেউ যেন দেশের শান্তি, শৃঙ্খলা, স্বস্তি ও নিরাপত্তা নষ্ট করার চেষ্টা না করেন।

আমির হামজা বলেন, ‘সুখে থাকতে যেন ভূতে না কিলায়, যেভাবে আছেন, শান্তিতে থাকেন।’ তাঁর ভাষ্য, দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখাই তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য।

সূত্র: মূল প্রতিবেদন