পৃথিবী সংবাদ ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের বটতলী নামক স্থানে বিএনপির ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পদপ্রার্থী মাসুদ পারভেজের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কমিটিতে পদে থাকা কয়েকজন ব্যক্তি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটির সদস্য মাইনউদ্দিন হাজারী, ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন সরদার, আওয়ামী লীগ সদস্য আবদুল মালেক সর্দার ও যুবলীগ সদস্য আবদুল হক। এ ছাড়া আরও কয়েকজনকে আওয়ামী লীগের কর্মী হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় সূত্র।
স্থানীয় বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিগত সময়ে আমরা নির্যাতনের শিকার হয়েছি। ওই সময় যারা আওয়ামী লীগের সঙ্গে থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন এবং পদ-পদবি ভোগ করেছেন, এখন তাঁদের কেউ কেউ আবার বিএনপিতে ঢুকে সুবিধা নিচ্ছেন। বিষয়টি দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা জানাই।’
ওই নেতার অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার হওয়া বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে সাবেক আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত করার ঘটনায় দলের ভেতরে ক্ষোভ তৈরি হচ্ছে। নির্বাচনী কার্যক্রমে কারা সম্পৃক্ত হচ্ছেন, তাঁদের রাজনৈতিক পরিচয় কী এবং এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতৃত্বের অবস্থান কী—তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
এ বিষয়ে বিএনপির ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পদপ্রার্থী মাসুদ পারভেজের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তারা বক্তব্য দিতে রাজি হননি।
সূত্র: মূল প্রতিবেদন
