পৃথিবী সংবাদ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া শহরের দীর্ঘদিনের গ্যাস সংকট, স্বল্পচাপ ও অনিয়মিত সরবরাহজনিত ভোগান্তি কমাতে কাউতুলি এলাকায় নতুন গ্যাস পাইপলাইন স্থাপন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) শহরের কাউতুলি কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় নবনির্মিত এ পাইপলাইনের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের ভাদুঘর, কাউতুলি, কলেজপাড়া ও শিমরাইলকান্দিসহ বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ ও অনিয়মিত সরবরাহে ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। দিনের অধিকাংশ সময় চুলায় পর্যাপ্ত গ্যাস না থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগের মুখে পড়ছেন এসব এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের এ ভোগান্তি নিরসনে সম্প্রতি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। এ সময় শহরের গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নয়ন এবং সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় কাউতুলি এলাকায় প্রায় ২০ ফুট গভীরে নতুন গ্যাস পাইপলাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। কাজ সম্পন্ন হওয়ার পর বুধবার পাইপলাইনটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজুল ইসলাম বলেন, সাধারণ মানুষের সমস্যা ও ভোগান্তি নিরসন করা আমাদের নৈতিক দায়িত্ব। জনগণের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত মৌলিক সমস্যাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মানুষের দুর্ভোগ কমাতে এ ধরনের জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মো. হাফিজ, গ্যাস ঠিকাদার শাহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সূত্র: মূল প্রতিবেদন
