আমরা বিজয়ী হলে কালচারাল ফ্যাসিবাদের কবর রচনা করব: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হতে পারলে কালচারাল ফ্যাসিবাদের কবর রচনা করবেন বলে ঘোষণা দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘জুলাই বিপ্লবের পরে আমরা রাজনৈতিক আজাদি পেলেও সাংস্কৃতিক আজাদি পাইনি। পতিত স্বৈরাচারের দোসররা এখনো নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা ইসলামিক সিম্বলগুলো এখনো হিউমিলিয়েট করছে। আমরা বিজয়ী হলে ইসলামিক সিম্বলগুলো সমাজে স্বাভাবিক রূপদান করব।’

তিনি বলেন, ‘আমরা বিজয়ী হলে কালচারাল ফ্যাসিবাদের কবর রচনা করব। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সেন্টারের হাব হয়ে উঠবে। এটি হবে একটি মাল্টিকালচারাল ইনস্টিটিউশন। এখানে হিন্দু-বৌদ্ধ, চাকমা-মারমাসহ সবাই মুক্তভাবে তাদের ধর্মচর্চা করতে পারবে।’

ঢাবি ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, ‘আজ আমরা কলাভবনের শিক্ষার্থীদের সঙ্গে তাদের যাবতীয় সমস্যা নিয়ে কথা বলেছি। এখানে ক্লাসরুম সংকট, পুরোনো লিফটসহ বেশ কিছু সমস্যা চিহ্নিত করেছি। এ ছাড়া কমনরুমে নারী স্টাফ না থাকা একটি বড় সমস্যা। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে আমরা সর্বাত্মক কাজ করব।’

তিনি বলেন, ‘আমরা প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে আশঙ্কা প্রকাশ করছি। তারা বারবার আমাদের হতাশ করছেন। আমরা তাদের কাছ থেকে স্বচ্ছতা আশা করি।’

সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ, এজিএস পদপ্রার্থী মহিউদ্দিন খানসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *