ঢাকাTuesday , 19 August 2025
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডাকসু ঘিরে সরগরম ঢাবি


August 19, 2025 12:28 am
Link Copied!

কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্বাচনে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন সংগঠনের প্রার্থীরা। আজ শেষদিনে ছাত্রদলের পক্ষ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে। যদিও গতকাল ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়ার। আজ দুপুরের পর থেকে সিনেট ভবনে ভিড় করেন একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। মনোনয়নপত্র সংগ্রহ করলেও এখনো প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান জানান, আমরা এখন শুধু মনোনয়ন ফরম সংগ্রহ করছি। কারা কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই সিদ্ধান্ত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেবেন। গতকাল ফরম নিয়েছেন বিএম কাউসার, আবিদুল ইসলাম খান, তানভীর বারী হামিমসহ, আরিফুল ইসলাম, মুমিনুল হক জিসান সহ একাধিক নেতা। বিকালে সংবাদ সম্মেলনে তানভীর বারী হামিম বলেন,  “তারেক রহমান পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন”। এ ছাড়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ওবায়দুল্লাহ রেদওয়ান, তথ্য ও গবেষণা সম্পাদক পদে জারিফ রহমান মনোনয়ন নিয়েছেন।
পূর্ণাঙ্গ ২৮ সদস্যের প্যানেল দিয়েছে শিবির: ছাত্রশিবির গতকাল ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সহ-সভাপতি (ভিপি) পদে রয়েছেন সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান।
সংবাদ সম্মেলনে ফরহাদ জানান, মঙ্গলবার প্যানেলের নাম ও ইশতেহার ঘোষণা করা হবে। ঘোষিত প্যানেলে ফাতিমা তাসনীম জুমা (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন), নুরুল ইসলাম সাব্বির (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), ইকবাল হায়দার (বিজ্ঞান ও প্রযুক্তি), উম্মে সালমা (কমনরুম ও ক্যাফেটেরিয়া), খান জসীম (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), আরমান হোসেন (ক্রীড়া), আসিফ আব্দুল্লাহ (ছাত্র পরিবহন), শরিফুল ইসলাম মুয়াজ (সমাজসেবা) প্রার্থী হয়েছেন। এ ছাড়া গবেষণা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবাধিকারসহ বিভিন্ন সম্পাদকীয় ও ১৩টি সদস্য পদে প্রার্থী দিয়েছে সংগঠনটি।

স্বতন্ত্র প্যানেল: জুবায়ের-মুসাদ্দেক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবি জুবায়ের ও জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ আংশিক স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন। ভিপি ও জিএস পদ বাদ দিয়ে  তাদের প্যানেলে থাকছেন আব্দুর রহমান আল ফাহাদ, আশিক খানসহ ক্যাম্পাসের পরিচিত মুখ। মুসাদ্দেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এবং জুবায়ের সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুসাদ্দেক বলেন, প্রায় ৭ বছর পর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে।
ছাত্র অধিকার পরিষদ: ‘ডাকসু ফর চেঞ্জ’: ছাত্র অধিকার পরিষদ তাদের প্যানেলের নাম দিয়েছে ‘ডাকসু ফর চেঞ্জ’। স্লোগান- ‘ভোট ফর চেঞ্জ’।

প্যানেলে ভিপি পদে কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জিএস পদে সাবিনা ইয়াসমিন এবং এজিএস পদে রাকিবুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া সম্পাদক পদে আছেন শাকিল খান (বিজ্ঞান ও প্রযুক্তি), আরিফুর রহমান মজুমদার (সমাজসেবা), মুক্তার হোসেন (ক্রীড়া), আশিক হৃদয় আহমেদ (মুক্তিযুদ্ধ), রাকিব হোসেন গাজী (স্বাস্থ্য ও পরিবেশ), ইশতিয়াক আহমেদ (মানবাধিকার), সিয়াম ফেরদৌস ইমন (গবেষণা ও প্রকাশনা)। সদস্য পদে মনোনয়ন নিয়েছেন রাহাত, রেজোয়ান, মুহিউদ্দীন আহমেদ, কৌফিক আবির, নোমান, রুদ্র, মোফাচ্ছেল হক ও মাহতাব ইসলাম।
স্বতন্ত্র প্যানেল  নেতৃত্বে উমামা- সাদি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা নেতৃত্ব দিচ্ছেন আরেকটি স্বতন্ত্র প্যানেলকে। আজ ঘোষণা হবে চূড়ান্ত প্যানেল। ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া এবং এজিএস পদে বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী প্রতিদ্বন্দ্বিতা করবেন। উমামা বলেন, আমরা শিক্ষার্থীবান্ধব প্যানেল ঘোষণা করবো।
বামপন্থি প্যানেল: বামপন্থি ছাত্র সংগঠনগুলো শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে সামনে রেখে প্যানেল ঘোষণা করেছে।

ভিপি পদে ইমি, জিএস পদে মেঘমল্লার বসু, এজিএস পদে জাবির আহমেদ জুবেল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে মোজাম্মেল হক প্রার্থী হয়েছেন

তাদের প্যানেলে অন্তত ১১ জন নারী, ২ জন আদিবাসী ও ১ জন প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন, যারা বিগত আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন। পূর্ণাঙ্গ প্যানেল মঙ্গলবার ঘোষণা করা হবে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ:  বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান জানিয়েছেন, তাদের পূর্ণাঙ্গ তালিকা মঙ্গলবার প্রকাশ করা হবে।
তবে ইতিমধ্যে মনোনয়ন নিয়েছেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসির, সদস্য সচিব জাহিদ আহসান, আহ্বায়ক  বাকের মজুমদার, ঢাবি শাখা আহ্বায়ক আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন সরকার, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি ও আশরেফা খাতুনসহ অনেকে।

ইসলামী ছাত্র আন্দোলন: আগেই সম্ভাব্য প্যানেল ঘোষণা: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গত ৭ই আগস্ট সম্ভাব্য প্যানেল ঘোষণা করে। ভিপি পদে ইয়াসিন আরাফাত, জিএস পদে খায়রুল আহসান মারজান এবং এজিএস পদে সাইফ মুহাম্মদ আলাউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়। এদিকে এক সংবাদ সম্মেলনে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন খান  জানান, ডাকসুতে মোট মনোনয়ন সংগ্রহ হয়েছে ৫৬৫টি। হল সংসদে সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, শহীদুল্লাহ হলে ৯৭ জন, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, জহুরুল হক হলে ৯৩, সূর্যসেন হলে ৯০, মুহসিন হলে ৭৪, শামছুন্নাহার হলে ৩৭, জসীমউদ্দীন হলে ৭৪, জিয়াউর রহমান হলে ৮৭, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, সুফিয়া কামাল হলে ৪০, রোকেয়া হলে ৪৬, কুয়েত মৈত্রী হলে ২৯, ফজিলাতুননেছা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, বিজয় একাত্তর হলে ৮৮,  এফ রহমান হলে ৭৩ জনসহ মোট ১২২৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।