ঢাকাSaturday , 21 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান, বিপাকে কৃষক


November 21, 2026 9:37 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঝিনাইদহে দুই দিনের টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ধানের মাঠ। বৃষ্টির পানি জমে অনেক এলাকায় ধানের ডগা পানির নিচে ডুবে গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকরা বাধ্য হয়ে কেটে নিচ্ছেন ধানের ডগা। এ ছাড়া হালকা বাতাসে জেলার অনেক মাঠে কাঁচা ধান মাটিতে লুটিয়ে পড়েছে। ফলে পড়ে যাওয়া ধান কাটতে ও ঘরে তুলতে অতিরিক্ত শ্রমিক খরচ গুনতে হচ্ছে কৃষকদের। ধান ছাড়াও শীতকালীন শাকসবজি, সরিষা ও গমের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, জেলার সদর উপজেলার ভবানীপুর, কুমড়াবাড়িয়া, রামনগর, গান্না ও মহারাজপুর এলাকায় পাকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকাংশ ধানের মাঠে পানি জমেছে। ফলে এসব ধান কাটতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে। এতে পিছিয়ে যেতে পারে সরিষা, ছোলা, মসুর ও গম বপনের সময়।

টানা বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন মাঠে শীতকালীন সবজির আবাদেও প্রভাব পড়েছে। সবজি চাষিরা আশঙ্কা করছেন, বৃষ্টির পানি জমিতে দুদিন আটকে থাকলে সবজির গাছে পচন ধরতে পারে।

এদিকে জেলার কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার ফসলের মাঠের চিত্রও প্রায় একই। সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের কৃষক আনিচুর রহমান বলেন, ‘একটানা বৃষ্টির ফলে ধানের মাঠে হাঁটু পানি জমে গেছে। নিচু জমির ধান পানিতে ভাসছে। কেটে রাখা ধান পানির নিচে ডুবে যাওয়ায় ধানের ডগা কেটে নিতে হচ্ছে। এতে শ্রমিক খরচ বাড়ছে। পানিতে তলিয়ে থাকা ধানের দাম বাজারে কম পাওয়া যায়। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম।’

কালুহাটি গ্রামের কৃষক মো. সোলাইমান বলেন, ‘বৃষ্টিতে ধানের ক্ষতির পাশাপাশি শীতের সবজিক্ষেত অনেকটাই নষ্ট হয়ে গেছে। সরিষা ও গমের আবাদও পিছিয়ে যাবে। পানিতে ডুবে যাওয়া ধান কাটা ও মাড়াইয়ের খরচ দ্বিগুণ হয়ে গেছে। আমরা এত খরচ কীভাবে মেটাব, সেই দুশ্চিন্তায় আছি।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় চলতি আমন মৌসুমে মোট ১ লাখ ৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এরই মধ্যে জেলার প্রায় ৩০ শতাংশ ধান মাড়াই সম্পন্ন হয়েছে। এ ছাড়া জেলার ছয়টি উপজেলায় গম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৩৮০ হেক্টর। জেলায় সরিষার আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫২৬ হেক্টর।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে গম বপনের সময় প্রায় দুই সপ্তাহ পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ধানের ক্ষতি কিছুটা বেশি হতে পারে। শীতকালীন সবজিক্ষেত বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ ছাড়া সরিষা, গম ও ভুট্টার বীজ বপন ও রোপণেও কিছুটা বিলম্ব হতে পারে। আমরা মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মীদের ফসলের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশনা দিয়েছি। আমাদের কর্মীরা কাজ করছেন। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনই বলা যাচ্ছে না।’

সূত্র: মূল প্রতিবেদন