পৃথিবী সংবাদ ডেস্ক:
হঠাৎ করে বৃষ্টির পানি হওয়ায় জয়পুরহাটে জমিতে থাকা পাকা ধান নিয়ে বিপাকে পড়েছে চাষিরা। অপরদিকে আগাম জাতের আলু রোপণ করেও ক্ষতির মুখে পড়েছেন তারা। এতে কৃষকদের যেন ভোগান্তির শেষ নেই। দুইদিনে বৃষ্টির কারনে নিচু জমিতে পানি জমে যাওয়ায় রোপণকৃত আলুর ক্ষেত ও ধান নিয়ে বিপাকে পড়েছেন অনেকই। এ অবস্থায় আরও ২/১ দিন বৃষ্টির পানি অব্যাহত থাকলে বড় বিপদের মধ্যে পড়তে হবে বলে জানান চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এবার ৭০ হাজার ৯০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। কিছুদিন পূর্বে অসময়ে বৃষ্টির কারণে অনেকের ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। বর্তমানে ধান কাটার মৌসুমে চলছে জয়পুরহাটে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মন্জু আলম জানান, প্রায় অর্ধেক ধান কাটা মাড়াই সম্পন্ন হয়েছে । যে সব জমি ফাঁকা হয়েছে, সেগুলোতে চাষিরা আগাম জাতের আলু রোপণ করেছেন। বৃষ্টির কারণে রোপণকৃত আলুর ওপরের মাটি চাপা পড়ে গাছ না গজিয়ে পঁচে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারও জেলায় ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে আগাম জাতের তিন হাজার ৪৩০ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ । গত দুইদিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় বিপাকে পড়েছে কৃষকরা । বিশেষ করে মাঠে আগাম জাতের আলু রোপণ ও পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। জেলার অধিকাংশ মাঠে বিশেষ করে নিচু জমিতে পানি জমেছে। এতে ব্যাহত হচ্ছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এর ফলে খড় বা গোখাদ্য সংকটের বিষয়ে তারা চিন্তায় রয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর থেকে শুরু হয়েছে বৃষ্টি। বিরূপ আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না মানুষ। বৃষ্টির সাথে বেড়েছে শীতের প্রকোপ। পেটের তাগিদে খেটে খাওয়া মানুষ মোটা কাপড় পড়িয়ে বের হচ্ছেন। অন্য দিনের তুলনায় রাস্তায় লোকজনের সমাগম কম দেখা যায় ।
সূত্র: মূল প্রতিবেদন
