ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বাণিজ্য
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় খালপাড়ের প্রায় চার হাজার চারাগাছ উধাও, জমি দখল করে চাষাবাদ


November 20, 2026 1:39 am
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় খাল খননের পর দুই পাড়ে রোপণ করা প্রায় চার হাজার গাছের চারার অধিকাংশই আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

কোথাও চারাগাছ কেটে ফেলা হয়েছে, কোথাও খালপাড়ের জমি দখল করে শুরু হয়েছে চাষাবাদ। আবার কোনো কোনো স্থানে চলছে ফসল ফলানোর প্রস্তুতি। এতে সরকারের খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, খাল খনন ও বৃক্ষরোপণের পর সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিয়মিত তদারকি না থাকায় একশ্রেণির কৃষক খালপাড়ের জায়গা নিজেদের দখলে নিয়ে চাষাবাদ শুরু করেছেন। এ সময় অনেক গাছের চারাও কেটে ফেলা হয়েছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে সরকার ঘোষিত খাল খনন কর্মসূচির আওতায় উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের নন্দনপুরের সন্ধ্যা নদী থেকে কান্তার বিলের হোজা নদী পর্যন্ত ৫ কিলোমিটার ৩৮৯ মিটার খাল খনন করা হয়। পরে খালের দুই পাড়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রায় চার হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

গত ১৩ নভেম্বর কান্তার বিল এলাকায় খনন করা খালটি সরেজমিন পরিদর্শনে দেখা যায়, খালের দুই পাড়ের অনেক জায়গায় রোপণ করা চারাগাছ নেই। কোথাও জমি চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে, আবার কোথাও ইতিমধ্যে ফসলের ক্ষেত তৈরি করা হয়েছে। খালপাড়ের বেশ কিছু জায়গায় বৃক্ষরোপণের চিহ্নও আর চোখে পড়েনি।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম ও জাবেদ আলী জানান, খাল খননের পর দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হয়েছিল। কিন্তু জমির মালিকদের কেউ কেউ সেসব চারা কেটে জায়গাগুলো চাষাবাদের উপযোগী করেছেন। তাঁদের ভাষ্য, চারা রোপণের পর সংশ্লিষ্ট দপ্তরের লোকজন আর নিয়মিত খোঁজখবর নেননি। এ সুযোগে খালপাড়ের অনেক জায়গা দখল হয়ে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আখতার বলেন, তাঁদের দপ্তরের উদ্যোগে খালপাড়ে এক হাজার ৫০০টির বেশি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছিল। এর মধ্যে কয়েকটি স্থানে কিছু চারা মারা গেছে, আবার কিছু চারা নিধন করা হয়েছে। বিষয়টি তাঁরা মাঠপর্যায়ে পরিদর্শন করেছেন। যেসব জায়গায় চারা নেই, সেখানে নতুন করে চারা রোপণ করা হবে।

ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খালপাড়ের গাছ নিধনের অভিযোগ পেয়েছেন তাঁরা। বিষয়টি সরেজমিন তদন্ত করা হচ্ছে। গাছ নিধনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।