ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সাতপাক,শুভদৃষ্টি-মালাবদল, মানুষ নয় বিয়ে হলো পাকুড় ও বট গাছের


November 28, 2026 1:00 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

সাতপাক ঘোরা, শুভদৃষ্টি, মালাবদলসহ সনাতন ধর্মীয় রীতিতে সম্পন্ন হয়েছে বিয়ের সব আনুষ্ঠানিকতা। ছিল বর-কনের সাজসজ্জা, অতিথিদের উপস্থিতি, আনন্দ-উৎসব। বিয়েতে আয়োজন করা হয়েছিল প্রায় এক হাজার মানুষের খাবারের। তবে এই বিয়ের সবচেয়ে ব্যতিক্রমী বিষয় হলো, বর-কনে কোনো মানুষ নয়, একটি পাকুড়গাছ ও একটি বটগাছ!

শুক্রবার (২৭ নভেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে ব্যতিক্রমী এই বিয়ের আয়োজন করা হয়। সনাতন ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে দেওয়া হয় পাকুড়গাছ ‘তীর্থ শিকদার’ ও বটগাছ ‘শুক্লা সরকার’-এর। বিয়ের আনুষ্ঠানিকতায় ছিল সাতপাক, শুভদৃষ্টি ও মালাবদলসহ প্রচলিত নানা আয়োজন। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়েতে আমন্ত্রিত প্রায় এক হাজার অতিথির জন্য করা হয় খাবারের আয়োজন।

জানা যায়, একসময় পাশাপাশি জড়িয়ে বেড়ে উঠেছিল প্রায় ২০০ বছরের পুরোনো একটি বট ও একটি পাকুড়গাছ। গাছ দুটি ছিল গ্রামের পরিচিতির অংশ। কিন্তু ২০২৩ সালের অক্টোবর মাসে ঝড়ে ভেঙে পড়ে সেই ঐতিহ্যবাহী গাছ দুটি। হারিয়ে যায় গ্রামের দীর্ঘদিনের স্মৃতি। তবে পুরোনো সেই জুটির স্মৃতি ধরে রাখতে স্থানীয় লোকজন পাশে নতুন করে একটি বট ও একটি পাকুড়গাছের চারা রোপণ করেন। তিন বছরের যত্নে চারা দুটি বেশ বড় হয়েছে। এবার সেই নতুন বট ও পাকুড়গাছের বিয়ের আয়োজন করেছেন গ্রামবাসী।এলাকাবাসী জানান, রুহিৎপুর গ্রামের প্রায় ২০০ বছরের পুরোনো বট ও পাকুড়গাছ দুটি জড়াজড়ি করে বেড়ে উঠেছিল। ২০২৩ সালের অক্টোবর মাসে ঝড়ে গাছ দুটি ভেঙে পড়ে। পুরোনো গাছ দুটির স্মৃতি ধরে রাখতে স্থানীয় লোকজন সেগুলোর পাশে নতুন করে একটি বট ও একটি পাকুড়গাছের চারা রোপণ করেন। তিন বছরের যত্নে চারা দুটি বেশ বড় হয়েছে। এরপর গ্রামের বয়োজ্যেষ্ঠরা নতুন গাছ দুটিকে এক করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

যেমন কথা, তেমন কাজ, বিয়ের আগে বর-কনের নামও ঠিক করা হয়। পাকুড়গাছটিকে গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের (৫০) ছেলে হিসেবে নাম দেওয়া হয় তীর্থ শিকদার। অন্যদিকে, বটগাছটিকে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের (৭১) মেয়ে হিসেবে নাম দেওয়া হয় শুক্লা সরকার। প্রথমে চিত্ত রঞ্জন শিকদার ও পবিত্র কুমার সরকার বর-কনের নাম প্রস্তাব করেন। পরে গ্রামবাসী তাতে একমত হন।

বিয়ের দিন গ্রামে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পুরোহিত মন্ত্রপাঠের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। শুভদৃষ্টি ও সাতপাকে বাঁধা হয় বর-কনেকে। বিয়েকে ঘিরে গ্রামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের পক্ষ থেকে প্রায় এক হাজার মানুষের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। তবে বিয়ের দাওয়াতপত্র ছাপানো হয়নি; সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের মাধ্যমেই অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। পুরো আয়োজনের ব্যয় বহন করেছেন গ্রামবাসী।

বরের বাবা চিত্ত রঞ্জন শিকদার মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানায় কাজ করেন। তাঁর দুই মেয়ে রয়েছে। পাকুড়গাছটিকে ছেলে হিসেবে পেয়ে তিনি আনন্দিত। তিনি বলেন, ‘একটি গাছকে ছেলে হিসেবে পেয়ে ছেলের অভাব কিছুটা হলেও পূরণ হলো। এই বিয়েতে কোনো যৌতুক নেই।’

অন্যদিকে, কনে শুক্লা সরকারের বাবা বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ আলাউদ্দিন সিদ্দিকী কলেজের সাবেক উপাধ্যক্ষ। ১৯৯৬ সালে মাত্র ছয় বছর বয়সে তাঁর মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। সেই মেয়ের স্মৃতি ও হারানোর কষ্ট থেকেই বটগাছটিকে মেয়ের মর্যাদা দিয়েছেন তিনি। পবিত্র কুমার সরকার বলেন, ‘১৯৯৬ সালে আমার ছয় বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। সেই কষ্ট ভুলতেই আমি বটগাছটির বাবা হয়েছি। পাশাপাশি এই বিয়ের মধ্য দিয়ে চিত্ত রঞ্জন শিকদারের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক তৈরি দৃঢ়ভাবে তৈরি হলো’।

রুহিৎপুর গ্রামের বাসিন্দা শিশির বলেন, ভেঙে পড়া গাছ দুটির সঠিক বয়স কেউ জানেন না। তিনি জন্মের পর থেকেই গাছ দুটি দেখে আসছেন। তাঁর বাবা-দাদারাও গাছ দুটি দেখেছেন। গাছের পাশের জায়গায় প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, রথযাত্রা ও মেলা অনুষ্ঠিত হতো। গাছ দুটিকে ঘিরেই এলাকার পরিচিতি ছিল। তাঁর ধারণা, গাছ দুটির বয়স ২০০ বছরের বেশি ছিল।

গ্রামবাসীর কাছে এই আয়োজন কেবল দুটি গাছের বিয়ে নয়; বরং হারিয়ে যাওয়া ঐতিহ্য ও স্মৃতিকে নতুন করে বাঁচিয়ে রাখার একটি উদ্যোগ। প্রায় ২০০ বছরের পুরোনো গাছের স্মৃতি ধরে রাখতে নতুন দুটি চারাকে ঘিরে এমন আয়োজন রুহিৎপুর গ্রামে তৈরি করেছে ভিন্নধর্মী এক ইতিহাস। দুই বাবার আবেগঘন গল্পে ব্যতিক্রমী এই বিয়ে এলাকায় সৃষ্টি করেছে ব্যাপক কৌতূহল। মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক, হারানো সন্তানের স্মৃতি আর পারিবারিক মেল-বন্ধনের এক ভিন্নধর্মী দৃষ্টান্ত হয়ে থাকল টাঙ্গাইলের মির্জাপুরে পাকুড়গাছ ও বটগাছের এই বিয়ে।

সূত্র: মূল প্রতিবেদন