ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা সেই পাখির দেখা মিলছে ১০০ টাকায়


November 28, 2026 12:47 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত মেলায় দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে একটি ম্যাকাও পাখি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাখিটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটিকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। এখন মেলায় মাত্র ১০০ টাকা খরচ করে সেই পাখির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।

শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন তিনি। এ সময় বিভিন্ন পশুপাখির সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। ম্যাকাও পাখিটির সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই পাখিটি নিয়ে দর্শনার্থীদের মধ্যে তৈরি হয় বাড়তি আগ্রহ।

শুক্রবার (২৭ নভেম্বর) মেলা প্রাঙ্গণে পাখিটির সঙ্গে ছবি তুলতে নির্দিষ্ট স্টলের সামনে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কেউ পাখিটির সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ সেই মুহূর্ত ভিডিও করে রাখছেন।

ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে আসা দর্শনার্থী ইমরান হাসান চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যাকাও পাখিটির ছবি দেখেই তিনি সকালে মেলায় আসার পরিকল্পনা করেন। জুমার নামাজ শেষ করে কয়েক বন্ধুসহ এসেছেন মেলায় ঘুরতে। প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ১০০ টাকা দিয়ে পাখিটির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছি।

রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মেলায় আসা আরেক দর্শনার্থী সানি মজুমদার জানান, প্রথমে এখানে ১০০ টাকা পেমেন্ট করতে হয় এবং এরপর লাইনে দাঁড়িয়ে বিভিন্ন ক্যাটাগরির পাখির মধ্য থেকে নিজের পছন্দমতো পাখি নিয়ে তিন থেকে চার মিনিট ছবি তোলার সুযোগ পাওয়া যায়। তবে প্রধানমন্ত্রী যে পাখিটির সঙ্গে ছবি তুলেছেন, সেটি নিয়েই সবার আগ্রহ সবচেয়ে বেশি।

ম্যাকাও পাখিটির প্রদর্শনীর আয়োজন করেছে ‘বার্ড মেনিয়া’ নামের একটি শপ। আয়োজকদের ভাষ্য, প্রদর্শনীতে সাধারণত ম্যাকাওসহ বিভিন্ন জাতের পাখি রাখা হয়। এসব পাখির সঙ্গে ছবি তুলতে অন্যান্য প্রদর্শনীতেও নির্ধারিত টোকেন মূল্য নেওয়া হয়। এখানেও একই নিয়মে ১০০ টাকা পরিশোধ করে পাখির সঙ্গে ছবি তুলছেন দর্শনার্থীরা।

তিন দিনব্যাপী এ মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শন করা হচ্ছে। বিশাল আকৃতির ষাঁড়, দুম্বা, ভেড়া, বিদেশি কুকুর-বিড়াল ছাড়াও রয়েছে নানা প্রজাতির পাখি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা ম্যাকাও পাখিটিকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ অন্য সব আয়োজনকে ছাড়িয়ে গেছে। ফলে মেলার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে পাখিটির স্টল।

সূত্র: মূল প্রতিবেদন