ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ বাস্তবায়ন না করায় রাজনৈতিক সংকট বেড়েছে: ১১ দলীয় ঐক্য


November 28, 2026 1:19 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার যে অঙ্গীকার ছিল, সেখানে এখন বিভক্তি তৈরি হয়েছে। বিএনপি সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সংকট আরও বেড়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান বলেন, সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে— এমন আলোচনা কয়েক দিন ধরে চলছে। এ ছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেকটি সংলাপ আয়োজনের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে আজকের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের আয়োজিত সংলাপকে অর্থবহ করতে ১১ দলীয় ঐক্যের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গে পৃথকভাবে সংলাপ আয়োজনের জন্য কমিশনকে জানানো হয়েছে। এ বিষয়ে ১১ দলের পক্ষ থেকে আলাদা সময় বরাদ্দ চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হবে।

তিনি আরও বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে সংকটের জন্ম দিয়েছে। সংস্কার কোনো দলের একক দাবি নয়, এটি গোটা জাতির দাবি। এ কারণে গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি। সংসদে ও রাজপথে দাবি তুলেছি, নোটিশ দিয়েছি। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই সংসদের আলোচনা থেকে নোটিশ বাদ দেওয়া হয়েছে। এ কারণে ১১ দল রাজপথে আন্দোলন করছে।

জামায়াতের এই নেতা বলেন, সংকট নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন। তবে এ ক্ষেত্রে মূল দায়িত্ব সরকারের। সরকার কতটা আন্তরিক, আদৌ সংস্কার চায় কি না এবং চাইলেও কীভাবে চায়— সেগুলো গুরুত্বপূর্ণ বিষয়। সংস্কার কীভাবে হবে এবং এর প্রক্রিয়া কী হবে, তা জনগণ নির্ধারণ করে দিয়েছে। জুলাই সনদের ওপর অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতেই সংস্কার করতে হবে।

সাংবিধানিক সংস্কারের বিষয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। বলেন, এ প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে। সরকার সংলাপের আয়োজন করলে ১১ দলের শীর্ষ পর্যায়ে আলোচনার মাধ্যমে সংলাপের বিষয়গুলো নির্ধারণ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল আদিব, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল হোসেন, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।

সূত্র: মূল প্রতিবেদন