Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বেলকুচি উপজেলার শেরনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি। এ সময় পেট্রোল বোমার আগুনে বাড়ির প্রবেশগেটে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।
তবে মাহিন সরকার বর্তমানে ঢাকায় অবস্থান করছেনে। বাড়িতে তার অসুস্থ বাবা ও মা রয়েছেন। তিনি বলেন, বাসার গেটে দাউ দাউ করে আগুন জ্বলছিল। স্থানীয় বাসিন্দারা গিয়ে আগুন নিভিয়েছেন। বাড়ির ভেতরে পেট্রোল বোমা মারার চেষ্টা করা হলেও সেটি দেওয়ালে লেগে গেটেই আগুন ধরে যায়।
তিনি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে বলেন, বিভিন্ন অনলাইন মাধ্যম ও অন্যান্যভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে।
মাহিন সরকার জানান, বিষয়টি নিয়ে তিনি বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেছেন। ওসি ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়েছেন তাকে।
এ বিষয়ে জানতে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
