পৃথিবী সংবাদ ডেস্ক:
ফুটবল মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগকে গোলের পর গোল করে ব্যতিব্যস্ত রাখেন আর্লিং হালান্ড। তবে এবার তাঁর লড়াই কোনো ডিফেন্ডারের সঙ্গে নয়, নিজের নামের বাণিজ্যিক স্বত্ব নিয়ে। প্রতিপক্ষ পোল্যান্ডের এক ইলেকট্রিশিয়ান, যিনি আগেই ‘হালান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করিয়ে রেখেছেন।
ঘটনার শুরু ২০২৩ সালে। নিজের নামে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) একটি ব্র্যান্ড নিবন্ধন করতে গিয়ে হালান্ড জানতে পারেন, ২০২২ সালেই ‘হালান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করেছেন মিশেল ওয়াস নামের এক পোলিশ ইলেকট্রিশিয়ান। তিনি নরওয়েতে কাজ করেন।
দ্য সান ও ইয়াহু স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ওই ট্রেডমার্কের আওতায় ১৬ ধরনের পণ্যের বাণিজ্যিক স্বত্ব অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে রয়েছে খেলাধুলার পোশাক, ফুটবল বুট, প্রোটিন সাপ্লিমেন্ট, এনার্জি ড্রিংকস, স্পোর্টস ব্যাগ, মদ, দই, খেলনা ও অন্তর্বাস।
হালান্ডের আইনজীবীদের অভিযোগ, ফুটবলারের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার অসৎ উদ্দেশ্যেই নামটি নিবন্ধন করেছিলেন ওয়াস। তাঁদের দাবি, ট্রেডমার্ক নিবন্ধনের সময় পোল্যান্ডেও বেশ পরিচিত ছিলেন হালান্ড।
তবে ওয়াসের দাবি, ‘হালান্ড’ নামটি এসেছে ‘হাই অ্যাডভান্সড অ্যাকটিভিটি ল্যান্ড’ কথাটির সংক্ষিপ্ত রূপ থেকে। কিন্তু তাঁর এই যুক্তি গ্রহণ করেনি ইউরোপীয় ইউনিয়নের মেধাস্বত্ব দপ্তর (ইইউআইপিও)। সংস্থাটির মতে, হালান্ডের খ্যাতি কাজে লাগানোর উদ্দেশ্যেই নামটি ব্যবহার করা হয়েছে। ফলে ট্রেডমার্কটি বাতিল করা হয়।
তবে এখানেই শেষ হচ্ছে না এই আইনি লড়াই। গত ২২ জুলাই ইউরোপীয় ইউনিয়নের সাধারণ আদালতে ইইউআইপিওর সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন ওয়াস। এখনো মামলার শুনানির তারিখ নির্ধারণ করা হয়নি।
সূত্র: মূল প্রতিবেদন
