পৃথিবী সংবাদ ডেস্ক:
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৯ জনকে আটকের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে আওয়ামী লীগের ছয়জন এবং এনসিপির তিনজন রয়েছেন বলে জানা গেছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় এবং দলীয় সংশ্লিষ্টতার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।
আওয়ামী লীগের কয়েকজন নেতা আটকের বিষয়টি নিশ্চিত করলেও কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।
গত ১৬ নভেম্বর স্থানীয় সময় রাতে রমফোর্ডের হাই রোডে মেফেয়ার ভেন্যুর সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ভেন্যুতে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হচ্ছিল।
অনুষ্ঠান শেষ হওয়ার পর ভেন্যুর পেছনের সিডার পার্ক গার্ডেনস সড়কে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে সামনের হাই রোডে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই নিরাপত্তাকর্মীদের সহায়তায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নাহিদ ইসলাম।
মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে সংঘর্ষ ও বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে সেখানে প্রায় ৫০ জনের একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল বলে জানতে পারে পুলিশ।
পরে পুলিশ ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের আঘাত গুরুতর বা প্রাণঘাতী নয় বলে প্রাথমিকভাবে ধারণা করেছিল পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান।
সূত্র: মূল প্রতিবেদন
