পৃথিবী সংবাদ ডেস্ক:
তথ্য গোপন করে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের ১০ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পৃথক দুই ধারায় ঢাকার বিশেষ জজ আদালত ৮-এর বিচারক নূরে আলম ভূঁইয়া এই রায় ঘোষণা করেন।
এ ছাড়া তার ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মারিয়াম লাকি এ তথ্য নিশ্চিত করেন। রায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো তিন মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।
এ ছাড়া আইনের ২৭(১) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। অর্থদণ্ড হিসেবে আরোপিত ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেন আদালত। দুই ধারায় দেওয়া কারাদণ্ড একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২ নভেম্বর দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৭১ লাখ ৯৯ হাজার ৫২৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন কাজী জহিরুল ইসলাম মানিক।
একই সঙ্গে তিনি ৯৮ লাখ ২০ হাজার ৭৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় ২০২৫ সালের ৬ মার্চ দুদকের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ২৯ জুলাই মামলাটির চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে আদালত ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।
সূত্র: মূল প্রতিবেদন
