পৃথিবী সংবাদ ডেস্ক:
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত শুনানি পিছিয়ে আগামী ১৪ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালত এই তারিখ নির্ধারণ করেন।
মামলার অন্য আসামিরা হলেন আসাদুজ্জামানের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান।
আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা আসামি শাফি মোদ্দাছির খান জ্যোতিকে নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির করা হয়নি। এ জন্য রাষ্ট্রপক্ষ থেকে চার্জগঠন বিষয়ে শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৪ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ১৮ ডিসেম্বর তদন্ত শেষে আসাদুজ্জামান খান কামালসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন দুদক।
সূত্র: মূল প্রতিবেদন
