ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সম্পর্ক পুনর্গঠনে মোদি-বালেন্দ্র শাহের যৌথ রূপরেখা, নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা ভারতের


November 23, 2026 9:00 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

নেপালের জন্য ১৬০ কোটি ডলারের অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেছে ভারত। পাশাপাশি আন্তসীমান্ত যোগাযোগ, জ্বালানি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে সাজানো এবং ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সোমবার একটি নতুন যৌথ রূপরেখা প্রকাশ করেছেন।

২০২৫ সালে জেন-জি আন্দোলনের পর চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ তাঁর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরে রোববার ভারতে পৌঁছান। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে তিনি নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি নেপালের অর্থনীতি শক্তিশালী করা এবং আগস্টে ভয়াবহ আকস্মিক বন্যার পর পুনর্গঠন কার্যক্রমে সহায়তার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

নেপালের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের কথা স্বীকার করেন মোদি। তিনি বলেন, এসব পরিবর্তনে দেশটির ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক ভিত্তি ভেঙে পড়েছে এবং নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে বালেন্দ্র শাহ ঐতিহাসিক জনরায় পেয়েছেন।

অন্যদিকে, দুই দেশের ঐতিহ্যবাহী দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘হিমালয়ের মতো দৃঢ় এবং সমুদ্রের মতো বিস্তৃত’ বলে উল্লেখ করেন শাহ। তিনি জোর দিয়ে বলেন, তাঁর এই সফরের অর্জনগুলো নেপালের তরুণদের জন্য সুযোগ সৃষ্টি, নতুন বাজারে বাস্তব প্রবেশাধিকার এবং উদ্যোক্তাদের বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সুযোগে রূপ নিতে হবে।

মোদি বলেন, ‘ভারত ও নেপালের সম্পর্ক শুধু প্রতিবেশীর নয়, বরং ঘনিষ্ঠতা ও অবিচল আস্থার সম্পর্ক। আমরা একে অপরের আনন্দ ও চ্যালেঞ্জ ভাগ করে নিই। একে অপরের অগ্রগতির অংশীদার এবং কঠিন সময়ে পরস্পরের পাশে থাকি।’

ভোটে কোশি নদীর ভোতে কোশি এলাকায় আকস্মিক বন্যার পর নেপালের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়ন জোরদারে ২৪ হাজার কোটি নেপালি রুপি (ভারতীয় ১৫ হাজার ১২০ কোটি রুপি বা ১৬০ কোটি ডলার) উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেন মোদি।

এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। কারণ, শাহের সফরের আগে নেপাল ২০০ কোটি ডলারের একটি অর্থনৈতিক প্যাকেজের প্রস্তাব দিয়েছিল, যার অর্ধেকই অনুদান হিসেবে চাওয়া হয়েছিল।

ভারত ও নেপালের অযোধ্যা ও জনকপুরের তীর্থস্থানগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারী সরযূ-কামলা এক্সপ্রেস সাপ্তাহিক আন্তসীমান্ত ট্রেন পরিষেবার কথা উল্লেখ করেন মোদি। দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই ট্রেন পরিষেবার উদ্বোধন করেন। তিনি বলেন, লুম্বিনী ও বোধগয়াসহ দুই দেশের বৌদ্ধ ও হিন্দু ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে যোগাযোগ আরও বাড়ানো হবে।

উত্তরাখণ্ড রাজ্যের সঙ্গে নেপালকে সংযুক্তকারী মহাকালী নদীর ওপর সেতু উদ্বোধন এবং বানবাসায় সমন্বিত চেকপোস্ট (আইসিপি) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দুই পক্ষ নেপালের দোদারা-চাঁদনি এলাকায় আইসিপি নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। এর লক্ষ্য বাণিজ্য এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ সহজ করা।

এ ছাড়া নেপালের সঙ্গে বিহার, উত্তর প্রদেশ ও ভারতের অন্যান্য রাজ্যের সংযোগ স্থাপনকারী সড়ক, রেল ও সীমান্ত যোগাযোগ প্রকল্পগুলোর কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে।

মোদি বলেন, ‘নেপালের ট্রানজিট বাণিজ্য সহজ করতে আমরা কান্দলা ও পারাদ্বীপ বন্দরে প্রবেশের সুযোগ দেব।’ এসব উদ্যোগ নেপালের অর্থনৈতিক উন্নয়নে গতি আনবে বলেও জানান তিনি।

নেপালের নদীগুলো থেকে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের বিপুল সম্ভাবনা এবং ভারতের বিশাল জ্বালানি বাজারের মধ্যে পারস্পরিক পরিপূরক সম্পর্কের কথা তুলে ধরেন মোদি। তিনি বলেন, ৬৬৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অরুণ-৩ বিদ্যুৎ প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন করার বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার এই যৌথ রূপরেখার অংশ।

মোদি উল্লেখ করেন, ভারত নেপালে পেট্রোলিয়াম পণ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী। চলতি বছর তেল সরবরাহে গুরুতর সংকট থাকা সত্ত্বেও দেশটিতে জ্বালানি ও সারের সরবরাহ অব্যাহত রেখেছে ভারত।

তিনি বলেন, ‘আজ মোতিহারি-আমলেখগঞ্জ পাইপলাইনের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন এবং ঝাপা পেট্রোলিয়াম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন এই অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।’

নেপালে ১ কোটি ৮৯ লাখ লিটার ধারণক্ষমতাসম্পন্ন একটি নতুন তেল সংরক্ষণ টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি এ কথা বলেন।

নেপালের তরুণদের আকাঙ্ক্ষার ওপর শাহের গুরুত্বারোপের বিষয়টি বিবেচনায় নিয়ে মোদি বলেন, তাঁদের স্বপ্ন বাস্তবায়নে ভারত অংশীদার হবে।

তিনি বলেন, ‘আমরা নেপালে একটি স্টার্টআপ ইনকিউবেটর, একটি উদ্ভাবন কেন্দ্র এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) একটি অফশোর ক্যাম্পাস প্রতিষ্ঠা করব। ভারতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের জন্য আইন ও প্রযুক্তি বিষয়ে বৃত্তির সুযোগ বাড়াব।’

দুই দেশের প্রধানমন্ত্রীই ‘উন্নত ভারত ও সমৃদ্ধ নেপাল’ প্রতিপাদ্যে তৈরি যৌথ রূপরেখার গুরুত্ব তুলে ধরেন। তাঁদের মতে, এই রূপরেখা দুই দেশের অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখবে।

মোদি যৌথ রূপরেখাকে একটি কর্মপরিকল্পনা হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমাদের লক্ষ্য স্পষ্ট, পারস্পরিক আস্থা রয়েছে এবং তা অর্জনের সক্ষমতাও রয়েছে। আমি আত্মবিশ্বাসী, এই মনোভাব নিয়ে আমরা আমাদের অভিন্ন রূপরেখাকে বাস্তব অর্জনে রূপ দিতে পারব। আর একসঙ্গে ভারত-নেপাল সম্পর্কের নতুন একটি স্বর্ণালি অধ্যায় রচনা করব।’

শাহ বলেন, যৌথ রূপরেখা দুই দেশের অভিন্ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের কাজকে এগিয়ে নেবে। তিনি উল্লেখ করেন, ‘পারস্পরিক শ্রদ্ধা, অবিচল আস্থা ও অটুট সদিচ্ছা’ দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি।

নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে ভারত প্রাকৃতিক দুর্যোগ ও কঠিন সময়ে ‘সব সময় প্রথম সাড়াদানকারী হিসেবে পাশে দাঁড়িয়েছে’ বলেও স্বীকার করেন শাহ।

মোদির সঙ্গে তাঁর খোলামেলা ও ভবিষ্যৎমুখী আলোচনা ঐতিহাসিক সম্পর্ককে ‘শক্তিশালী ও আধুনিকায়নের’ লক্ষ্য সামনে রেখে পরিচালিত হয়েছে বলে জানান নেপালের প্রধানমন্ত্রী।

নেপালি ভাষায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘এই স্থায়ী বন্ধনের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের জন্য মজবুত স্তম্ভ নির্মাণ করাই এখন সময়ের দাবি।’

পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অভিন্ন সমৃদ্ধির মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে এমন একটি ‘রূপান্তরমূলক উন্নয়ন অংশীদারত্বে’ পরিণত করার কথা বলেন শাহ, যা নতুন প্রজন্মের জন্য সুযোগ সৃষ্টি করবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত ও নেপালকে সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নেপালের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে ভারতীয় বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান তিনি। দুই দেশের শহরগুলোর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ সম্প্রসারণেরও আহ্বান জানান।

এদিকে, মহাকাশ থেকে স্বাস্থ্য পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুই দেশ আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

এর মধ্যে রয়েছে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ও নেপালের যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে দক্ষিণ এশিয়া স্যাটেলাইট ব্যবহারের জন্য একটি স্যাটেলাইট যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠাবিষয়ক সমঝোতা স্মারক।

এ ছাড়া স্বাস্থ্য ও চিকিৎসা খাতে সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক এবং ভারতের ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি ও নেপাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতার বিষয়ে আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স এবং নেপাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজের মধ্যে আরেকটি সমঝোতা স্মারকের আওতায় নেপালের সরকারি কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে।

এ ছাড়া টেকসই নগর উন্নয়ন, প্রাণিসম্পদ ও মৎস্য উন্নয়ন এবং আয়ুর্বেদসহ অন্যান্য ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতিতে সহযোগিতার বিষয়েও সমঝোতা স্মারক সই হয়েছে।

সফরকালে নরেন্দ্র মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান বালেন্দ্র শাহ। একই সঙ্গে নেপালের বৌদ্ধ ও হিন্দু ধর্মীয় স্থানগুলো পরিদর্শনে ভারতীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

সূত্র: মূল প্রতিবেদন