ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ভারতের ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানাল বুলগেরিয়া, দিল্লি দেখাচ্ছে বৈশ্বিক শক্তি হওয়ার সক্ষমতা


November 23, 2026 8:25 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

শনিবার এখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভেলিসলাভা পেত্রোভা-চামোভা। বৈঠকে বাণিজ্য, যোগাযোগ, বিনিয়োগ, প্রযুক্তি, নিরাপত্তা, দক্ষ জনশক্তির চলাচল ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি ভারত-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন তাঁরা।

এর আগে শুক্রবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বৈঠক করেন তিনি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পেত্রোভা-চামোভা দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক এবং কোভিড মহামারি থেকে পাওয়া শিক্ষা নিয়ে কথা বলেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সংক্রামক রোগ বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী এই মন্ত্রী জনস্বাস্থ্য নিয়ে জাতিসংঘের সঙ্গেও কাজ করেছেন।

প্রশ্ন: ভারত ও বুলগেরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা কী? এই সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা কতটা?

আমাদের মধ্যে সব সময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এ সম্পর্কে তেমন কোনো শত্রুতা বা বিঘ্ন ছিল না। তবে বছরের পর বছর ধরে সম্পর্কের গতি কমে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হিসেবে আমাদের ২০ বছরের যাত্রায় আমরা মূলত ইইউভুক্ত দেশগুলো এবং বৃহত্তর অর্থে ইউরোপের ওপরই বেশি গুরুত্ব দিয়েছি।

বর্তমান পরিস্থিতি ভিন্ন। বুলগেরিয়ায় এখন রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। একই সময়ে ভারত ইইউর গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমাদের সরকার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগাতে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইউরোপের উল্লম্ব ও অনুভূমিক করিডোরগুলোর সংযোগস্থলে অবস্থিত। আমাদের অবস্থান ইউরোপের সঙ্গে এশিয়া এবং ইউরোপের সঙ্গে উপসাগরীয় অঞ্চলকে যুক্ত করেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বও কখনো কখনো পরীক্ষার মুখে পড়ছে। কারণ, আমাদের শুল্ক নিয়ে ভাবতে হচ্ছে। আমরা বুঝতে পারছি, বিশ্ব ক্রমেই বহুমেরুকেন্দ্রিক হয়ে উঠছে। ফলে নিজেদের অর্থনীতির প্রবৃদ্ধি এবং নাগরিকদের জীবনমান উন্নয়নের জন্য আমাদের আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে হবে।

আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক এমন ভিত্তির ওপর গড়ে তুলতে হবে, যেখানে আমরা ইউরোপীয় বাজারের অংশ—এই বিষয়টিও বিবেচনায় থাকবে। এ জন্য বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো আরও দ্রুত করার সর্বোচ্চ চেষ্টা করছি।

অতীতে আমাদের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কিছু অবশিষ্ট সংযোগ এখনো রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো শিক্ষার্থীরা ভারতবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন। সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ ও অঙ্গীকার দুই-ই রয়েছে। এ বছর আমার সঙ্গে ড. জয়শঙ্করের এটি হবে তিন মাসের মধ্যে দ্বিতীয় সাক্ষাৎ। বিষয়টি স্পষ্ট করে যে, উভয় পক্ষই ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে।

বিশ্বে ভারত যে বৈচিত্র্য নিয়ে এসেছে, তা আমার ভালো লাগে। ভারতের শিল্প ও সংস্কৃতির সর্বত্র সেই বৈচিত্র্যের প্রকাশ দেখা যায়। একই সঙ্গে বড় করে চিন্তা করার সক্ষমতা এবং আশাবাদের একটি বিশেষ অনুভূতিও এখানে রয়েছে বলে মনে করি।

দেশ হিসেবে ভারত আয়তন ও জনসংখ্যা—উভয় দিক থেকেই বিশাল। একই সঙ্গে বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতা করার আকাঙ্ক্ষাও রয়েছে। নিজেদের জন্য কোনো সীমাবদ্ধতা তৈরি করেন না আপনারা। ‘এটা আপনারা পারবেন না’—এমন ধারণায় বিশ্বাস করেন না। জাতীয় পর্যায়ে আপনারা স্পষ্টভাবে দেখিয়েছেন যে, ভারত একটি বৈশ্বিক শক্তি হয়ে উঠতে সক্ষম।

তবে সমাজে যেন অতিরিক্ত স্তরবিন্যাস তৈরি না হয়, সেটি নিশ্চিত করা সব সময়ই কঠিন। কারণ, দেশের অগ্রগতি ও সাফল্যের গল্পে মানুষ যেন নিজেদের অংশ মনে করতে পারে, সেটি গুরুত্বপূর্ণ। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এই অগ্রগতির অংশ বলে অনুভব করতে হবে। আমার মনে হয়, এটাই সবচেয়ে বড় কৌশল এবং একই সঙ্গে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতীয় আত্মবিশ্বাস বজায় রাখা, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে—ব্যক্তিগতভাবে আমি এই মানসিকতা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চাই।

প্রশ্ন: দ্বিপক্ষীয় সফরে প্রথমবারের মতো ভারত সফরে এসে বিশেষ করে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মহাকাশ খাতে কী ধরনের সুনির্দিষ্ট অগ্রগতি প্রত্যাশা করছেন?

এশিয়ায় অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদার ভারত। দেশটির সঙ্গে সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বুলগেরিয়া। গত জুনে মন্ত্রী জয়শঙ্করের সোফিয়া সফর এই অঙ্গীকারকে বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার বিষয়ে আমাদের অভিন্ন আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছে।

কম্পিউটিং, বিজ্ঞান ও মহাকাশ খাতে বিদ্যমান যোগাযোগ এ ক্ষেত্রে শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। ইনস্টিটিউট ফর কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড টেকনোলজি (ইনসাইট) ভারতীয় গবেষকদের সঙ্গে কাজ করছে। বুলগেরিয়ার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান এন্ডুরোস্যাটও ভারতীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখছে।

আমরা যৌথ গবেষণা, প্রযুক্তির বিকাশ ও নতুন উদ্যোগের বিকাশ এবং বিনিয়োগের পরিসর বাড়াতে চাই।

এ ক্ষেত্রে পরবর্তী সুনির্দিষ্ট পদক্ষেপ হলো, ২০২৭ সালের জানুয়ারিতে যৌথ কমিশনের পরবর্তী অধিবেশনে ২০২৬-২০২৯ মেয়াদের বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা কর্মসূচি স্বাক্ষরের পরিকল্পনা। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, ড্রোন, পদার্থবিজ্ঞান, জীবপ্রযুক্তি, স্বাস্থ্য, চিকিৎসাবিজ্ঞান ও ফার্মেসি খাতে যৌথ প্রকল্পের সুযোগ তৈরি হবে।

প্রশ্ন: ভারত ও ইউরোপীয় ইউনিয়ন ২০২৬ সালের জানুয়ারিতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শেষ করেছে। চুক্তিটি এখন স্বাক্ষর ও কার্যকর করার প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। ভারত-বুলগেরিয়া বাণিজ্যে এই চুক্তি কী ধরনের সুফল বয়ে আনতে পারে?

চুক্তিটির বাকি প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করা এবং কার্যকর বাস্তবায়নের পক্ষে বুলগেরিয়া। এটি বাণিজ্যিক সম্পর্কের জন্য আরও শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারে।

বুলগেরিয়া ভারতীয় কোম্পানিগুলোর জন্য ইইউতে প্রতিযোগিতামূলক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে কাজ করার সুযোগ দিতে পারে। দেশটির ভৌগোলিক অবস্থান, শিল্পাঞ্চল এবং ১০ শতাংশ করপোরেট করের হার এ ক্ষেত্রে সহায়ক হবে।

এই চুক্তি উৎপাদন ও সরবরাহব্যবস্থা জোরদার করতে, উচ্চপ্রযুক্তি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে এবং শুল্ক ও অশুল্ক বাধা কমাতে পারে।

বুলগেরিয়ার যন্ত্রপাতি, বিশেষায়িত ইলেকট্রনিকস, রাসায়নিক পণ্য, খাদ্যপণ্য, প্রসাধনী এবং সুগন্ধি তেলের ভারতের ক্রমবর্ধমান বাজারে সম্ভাবনা রয়েছে। এ চুক্তি দীর্ঘস্থায়ী ব্যবসায়িক ও প্রযুক্তিগত সম্পর্ক গড়ে তুলতে পারে, যেখানে ভারতের বিশাল বাজার ও সক্ষমতার সঙ্গে বুলগেরিয়ার সুযোগ-সুবিধার সমন্বয় ঘটবে।

প্রশ্ন: ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের কূটনৈতিক অবস্থানকে বুলগেরিয়া কীভাবে দেখে? বৈশ্বিক স্থিতিশীলতার প্রশ্নে দুই দেশের মধ্যে কোথায় অভিন্ন অবস্থান রয়েছে?

আমরা বুঝি, ভারতকে তার কৌশলগত স্বায়ত্তশাসন, ঐতিহাসিক সম্পর্ক এবং অর্থনৈতিক বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। সংলাপ ও কূটনীতির ওপর ভারতের গুরুত্ব এবং শান্তিপূর্ণ সমাধানের সন্ধানে বিভিন্ন অংশীদারের সঙ্গে দেশটির সম্পৃক্ততাকে আমরা মূল্যায়ন করি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য—‘এটি যুদ্ধের যুগ নয়’—আমাদের কাছেও তাৎপর্যপূর্ণ।

এই যুদ্ধের পরিণতি, যার মধ্যে মানবিক দুর্ভোগ এবং খাদ্য, জ্বালানি ও বাণিজ্যব্যবস্থায় বিঘ্ন রয়েছে, তা ইউরোপের সীমানা ছাড়িয়ে বহু দূর পর্যন্ত অনুভূত হচ্ছে।

বুলগেরিয়ার অবস্থান অপরিবর্তিত। আমরা শত্রুতা বন্ধ এবং ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে ভৌগোলিক অখণ্ডতার ভিত্তিতে ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষে। যেকোনো টেকসই সমঝোতায় ইউক্রেনকে অন্তর্ভুক্ত করতে হবে এবং তা জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

এ ছাড়া স্থিতিশীল, বহুমুখী ও স্বচ্ছ সরবরাহব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রেও আমাদের দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে।

প্রশ্ন: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে ভারত একটি বিস্তৃত প্রস্তাব দিয়েছে, যেখানে কৃষ্ণসাগরও অন্তর্ভুক্ত রয়েছে। এ প্রস্তাব এবং কূটনৈতিক প্রচেষ্টায় ভারতের ভূমিকা কীভাবে মূল্যায়ন করছেন?

কৃষ্ণসাগরে বুলগেরিয়ার একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে সাম্প্রতিক হামলার নিন্দা জানাই আমরা। এসব হামলায় বাণিজ্যিক অবকাঠামো ও পণ্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, নাবিকদের প্রাণহানি ঘটেছে এবং গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।

জ্বালানি অবকাঠামোর পাশাপাশি কৃষ্ণসাগরকে অন্তর্ভুক্ত করে ভারতের দেওয়া প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এটিকে বিবেচনাধীন প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বিস্তৃত বলে বর্ণনা করেছেন।

বেসামরিক ও জ্বালানি অবকাঠামোর সুরক্ষা, নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাবিকদের ঝুঁকি কমানো আমাদের অভিন্ন অগ্রাধিকার।

রোমানিয়া ও তুরস্কের সঙ্গে মাইন কাউন্টারমেজার্স (এমসিএম) ব্ল্যাক সি টাস্ক গ্রুপের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখছে বুলগেরিয়া।

২০২৬ সালের জুলাইয়ে বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সমুদ্রতলের গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও জরিপ কার্যক্রমের মাধ্যমে অবদান রাখা এই টাস্ক গ্রুপের অন্যতম দায়িত্ব।

২৮ অক্টোবর বুলগেরিয়া, রোমানিয়া ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীরা সোফিয়ায় বৈঠক করেন। সেখানে তাঁরা তথ্য আদান-প্রদান, সমুদ্র পরিস্থিতি সম্পর্কে সচেতনতা এবং আগাম সতর্কতা জোরদারে বিভিন্ন পদক্ষেপ নিতে সম্মত হন।

সূত্র: মূল প্রতিবেদন