ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে, কয়েক দিনের মধ্যে বিশেষজ্ঞের চিকিৎসা না পেলে হৃদ্‌যন্ত্রের ক্ষতি হতে পারে ইমরান খানের


November 23, 2026 8:05 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

অপরিবর্তনীয় হৃদ্‌যন্ত্রের ক্ষতি এড়াতে ইমরান খানের ‘কয়েক দিনের মধ্যে’ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে সতর্ক করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তাঁর রক্তচাপ ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে গেছে।

গত সোমবার দেশের শীর্ষ বিচারপতিদের কাছে একটি খোলা চিঠি লিখে জরুরি চিকিৎসার ব্যবস্থা না করা হলে কারাগার থেকে ‘জীবিত ফিরে না-ও আসতে পারেন’ বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ইমরান খানের ৩০ বছরের বেশি সময়ের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ইমরান খানকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়ার অনুমতি দেওয়া হোক। চিকিৎসায় বিলম্ব হলে তাঁর স্বাস্থ্যের ওপর ‘গুরুতর’ প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের পর ২০২৩ সালের আগস্ট থেকে ৭৪ বছর বয়সী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ১ দশমিক ৮ মিটার বাই ২ দশমিক ৪ মিটার আয়তনের একটি সেলে বন্দী রয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ডা. সুলতান দ্য টেলিগ্রাফকে বলেন, ‘আমার কোনো রোগীর রক্তচাপ যদি এ ধরনের উচ্চমাত্রায় থাকত, তাহলে আমি তাঁকে যত দ্রুত সম্ভব, আজ অথবা আগামীকালই একজন ভালো কিডনি বিশেষজ্ঞ কিংবা হৃদ্‌রোগ বিশেষজ্ঞের কাছে পাঠাতাম। কয়েক দিনের মধ্যেই তাঁর রক্তচাপ কমিয়ে আনা প্রয়োজন।’

দীর্ঘ সময় ধরে উচ্চ রক্তচাপ থাকলে ইমরান খানের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের ওপর ‘গুরুতর প্রভাব’ পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

তিনি বলেন, ‘বাস্তবে দীর্ঘ সময় ধরে উচ্চ রক্তচাপ থাকলে কিডনির কার্যকারিতা এবং হৃদ্‌যন্ত্র নিজেই ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। উচ্চচাপের বিরুদ্ধে কাজ করতে গিয়ে হৃদ্‌যন্ত্রকে অতিরিক্ত চাপ নিতে হয়। উচ্চ রক্তচাপের কারণে চোখের রেটিনাও ক্ষতিগ্রস্ত হতে পারে। অঙ্গপ্রত্যঙ্গের যেসব ক্ষতি নিয়ে আমরা সাধারণত উদ্বিগ্ন থাকি, সেগুলো হলো এগুলোই।’

গত ১৬ নভেম্বর ইমরান খানের আইনজীবীর প্রকাশ করা খোলা চিঠিতে তিনি দাবি করেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ হারিয়ে গেছে এবং তিনি অত্যন্ত উচ্চ রক্তচাপে ভুগছেন।

তিনি বলেন, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাঁকে প্রতিদিন ‘২২ ঘণ্টা পর্যন্ত’ নির্জন কারাবাসে রাখা হচ্ছে। ওই দিন তাঁকে এবং তাঁর স্ত্রীকে তাঁদের বিরুদ্ধে দায়ের করা কয়েক ডজন মামলার একটিতে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাঁর দাবি, নির্জন কারাবাসের সঙ্গে তাঁর শারীরিক সমস্যার সম্পর্ক রয়েছে।

কোভিড-১৯ মহামারির সময় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সরকারের চিকিৎসাবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডা. সুলতান। তিনি ইমরান খানের প্রতিষ্ঠিত একাধিক হাসপাতালের সমন্বয়ে গঠিত শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের প্রধান নির্বাহী।

তিনি বলেন, ‘বাস্তবতা হলো, দীর্ঘ সময় ধরে রক্তচাপ উচ্চ থাকলে গুরুতর পরিণতি দেখা দিতে পারে।

‘উচ্চ রক্তচাপের বিরুদ্ধে হৃদ্‌যন্ত্রকে অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে হলে হৃদ্‌পেশি অস্বাভাবিকভাবে পুরু হয়ে যায়।

‘এসব অঙ্গের গুরুতর ক্ষতি এড়াতে সময়মতো রক্তচাপের মাত্রা সংশোধন ও নিয়ন্ত্রণে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে ইমরান খানকে স্বাধীনভাবে স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার কথা ছিল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে আইনজীবীরা সতর্ক করার পর আদালত এ নির্দেশ দেন।

সেদিন হাসপাতালে তাঁর জন্য অপেক্ষা করছিলেন ডা. সুলতান। তবে সাবেক এই প্রধানমন্ত্রীকে বেসরকারি হাসপাতালের পরিবর্তে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে কারাগারে ফেরার উপযুক্ত বলে সিদ্ধান্ত দেন।

এই চিকিৎসকের মতে, নির্জন কারাবাস ইমরান খানের স্বাস্থ্য সমস্যার অন্যতম কারণ হতে পারে। এ অবস্থায় তাঁর দীর্ঘদিনের এই রোগীকে দেখার সুযোগ দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ডা. সুলতান বলেন, ‘সামাজিক বিচ্ছিন্নতা অবশ্যই তাঁর রক্তচাপের সমস্যায় ভূমিকা রাখতে পারে। নিঃসন্দেহে আমি তাঁকে দেখতে চাই।’

কারাগারে ইমরান খানের সঙ্গে আচরণ নিয়ে তাঁর সমর্থকেরা বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। গত সেপ্টেম্বরে তাঁর ছেলেরা সতর্ক করে বলেছিলেন, পাকিস্তানের সাবেক এই ক্রিকেট অধিনায়কের হত্যার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।

পিটিআইয়ের সাবেক জ্যেষ্ঠ নেতা সৈয়দ জুলফি বুখারি বলেন, ‘ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেছেন এমন প্রত্যেকেই সরকারের নির্দেশে তা করেছেন। কিন্তু তাঁরা তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারেননি কিংবা এ বিষয়ে কোনো স্পষ্ট ধারণাও দিতে পারেননি।

‘এখন অনেক দেরি হয়ে যাওয়ার আগেই তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের অবিলম্বে তাঁর কাছে যাওয়ার সুযোগ দেওয়া জরুরি। এতে তাঁরা তাঁর জন্য উপযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করতে পারবেন।’

সূত্র: মূল প্রতিবেদন