ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

লামায় পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ও টাকার ভাগবাঁটোয়ারা নিয়ে শিক্ষকদের দফায় দফায় মারামারি


November 23, 2026 8:33 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

বান্দরবানের লামা উপজেলার ফাইতং উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীনের উপস্থিতিতে বিদ্যালয়ের পাশের একটি দোকানে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রে ভুল এবং টাকার ভাগবাঁটোয়ারা সংক্রান্ত অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ইতিমধ্যে শিক্ষকদের মারামারির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক আশীষ কুমার বসাক, সহকারী শিক্ষক মো. ফরহাদ হোসেন এবং অফিস সহকারী মো. জালাল বিদ্যালয়ের ফটকের বাইরে শহিদুল ইসলামের দোকানে বসে চা পান করছিলেন। কথোপকথনের একপর্যায়ে সহকারী শিক্ষক মো. ফরহাদ হোসেন চলমান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টি প্রধান শিক্ষকের নজরে আনেন।

ঠিক ওই সময় দোকানে উপস্থিত হন সংশ্লিষ্ট প্রশ্নপত্র প্রণয়নকারী শিক্ষক মো. জিয়াউর রহমান। প্রশ্নপত্রে ভুলের অভিযোগ নিয়ে প্রধান শিক্ষকের সামনেই মো. জিয়াউর রহমান ও মো. ফরহাদ হোসেনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পাশের এক দোকানদার জানান, দোকানে বসে শিক্ষকদের মধ্যে প্রায় আধঘণ্টা ধরে বাগ্‌বিতণ্ডা চলে। মূলত টাকার ভাগবাঁটোয়ারা না মেলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে, আরেকটি সূত্রে জানা যায়, বিদ্যালয়ের বাইরে শিক্ষার্থীদের কোচিং পড়ানো নিয়েও শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও বাড়াবাড়ি চলছিল। আজ দোকানে বসে প্রধান শিক্ষকের উপস্থিতিতেই সেই কোচিং সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষকদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে জিয়াউর রহমান উত্তেজিত হয়ে ফরহাদ হোসেনকে ধাক্কা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফরহাদ হোসেন হুমকি দিয়ে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেন এবং সহকারী শিক্ষক মো. মুজিবুর রহমান ও কুতুব উদ্দীনকে ডেকে নিয়ে আসেন। পরে উভয় পক্ষের শিক্ষকেরা দোকানের চেয়ার নিয়ে দুই দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দোকানটির বেশ কিছু মালামাল ভাঙচুর ও নষ্ট হয়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়দের একজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালীন দায়িত্ব ছেড়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বাইরে দোকানে বসে আড্ডা দেওয়া এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়ানোয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের একটি বিশেষ সূত্রে জানা গেছে, শিক্ষকদের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে অভ্যন্তরীণ কোন্দল চলে আসছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনার মধ্য দিয়ে।

টাকার ভাগবাঁটোয়ারা ও কোচিং নিয়ে দ্বন্দ্বের বিষয়ে জানতে চাইলে ফাইতং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন কৌশলে বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ‘অনাকাঙ্ক্ষিত এই ঘটনার বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রস্তাবিত সভাপতিকে জানানো হয়েছে। তিনি তদন্ত সাপেক্ষে যে সিদ্ধান্ত নেবেন, সেটিই চূড়ান্তভাবে কার্যকর হবে।’ উল্লেখ্য, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদটি বর্তমানে প্রস্তাবিত অবস্থায় রয়েছে এবং তা এখনো চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং লামা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায় বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমাকে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি, তবে আমি ভিডিওটি দেখেছি। বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু ও অনাকাঙ্ক্ষিত। শিক্ষকদের এমন অবস্থা হলে তাঁদের কাছ থেকে কী আশা করা যায়? এ বিষয়ে আলোচনার জন্য আগামী বৃহস্পতিবার তাঁদের সবাইকে ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) অফিসে ডাকা হবে।’

সূত্র: মূল প্রতিবেদন