ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ে তামাক-জুমের বিকল্প হতে পারে মাশরুম, লামায় স্বপ্ন দেখাচ্ছেন অনুপম


November 23, 2026 7:16 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

একসময় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কাজ করতেন। তবে নিজে থেকে ব্যতিক্রমী কিছু করার তাগিদ ছিল সবসময়। সেই তাগিদ থেকেই পাহাড়ি জনপদ বান্দরবানের লামা উপজেলায় বাণিজ্যিকভাবে মাশরুম চাষ শুরু করে সফলতার মুখ দেখছেন ৪৫ বছর বয়সী অনুপম বড়ুয়া। বিএসএস ডিগ্রিধারী এই উদ্যোক্তা কেবল নিজেই স্বাবলম্বী হননি, তাঁর খামারে কর্মসংস্থান হয়েছে স্থানীয় আরও ১০ জনের।

অনুপম বড়ুয়ার মাশরুম চাষের পেছনের গল্পটি বেশ দীর্ঘ ও সংগ্রামের। মাশরুমের প্রতি তাঁর আগ্রহের শুরুটা হয়েছিল ২০০১ সালে। সে সময় চকবাজারের বিজ্ঞান বার্তা ভবন থেকে প্রশিক্ষণ নিয়ে স্বল্প পরিসরে মাশরুম চাষ শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে নিজের দক্ষতা আরও বাড়াতে সাভারের জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের ১৩তম ব্যাচ থেকে উচ্চতর প্রশিক্ষণ নেন। শুরুতে পরিবারের কাছ থেকে তেমন সমর্থন না পেলেও নিজের অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যান তিনি।

প্রায় এক বছর আগে ২ লাখ টাকা পুঁজি নিয়ে লামায় একটি শেড (ঘর) তৈরি করে বাণিজ্যিকভাবে খামারটি শুরু করেন অনুপম। উপজেলা কৃষি অফিস থেকেও ঘর তৈরির জন্য প্রাথমিক প্রণোদনা পান তিনি। বর্তমানে তাঁর খামারে ১ হাজারটি মাশরুমের স্পন (বীজ প্যাকেট) রয়েছে এবং খামারটির বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৬ লাখ টাকায়।

তাঁর খামারে বর্তমানে ওয়েস্টার জাতের পাশাপাশি ডব্লিউএস (WS), এসও (SO), ওবি (OB), এইচকে (HK) এবং পিওপি (POP) জাতের মাশরুম চাষ হচ্ছে। অনুপমের খামার থেকে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ কেজি তাজা মাশরুম উৎপাদিত হচ্ছে। প্রতি কেজি কাঁচা মাশরুম ৩৫০ টাকা দরে স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও বিক্রি করছেন তিনি। খামারটি বর্তমানে বেশ লাভজনক অবস্থায় রয়েছে।

স্থানীয়দের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা উল্লেখ করে অনুপম বড়ুয়া বলেন, “শুরুর দিকে এলাকার মানুষ মাশরুমকে সাধারণ ‘ব্যাঙের ছাতা’ ভেবে অবহেলা করত। তবে এখন মানুষের সেই ধারণা বদলেছে। মাশরুমের পুষ্টিগুণ ও ঔষধি গুণ সম্পর্কে মানুষ এখন সচেতন হচ্ছে এবং বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে।”

নিজের সাফল্যের পাশাপাশি পুরো লামা উপজেলায় মাশরুম চাষ ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা। ইতিমধ্যে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এলাকার ৩০ জন নতুন চাষিকে প্রশিক্ষণ দিয়ে মাশরুমের বীজ সরবরাহ করা হয়েছে।

তবে সম্ভাবনাময় এই খাতে একটি বড় প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন অনুপম। তিনি জানান, মাশরুম চাষে আর কোনো সমস্যা না থাকলেও একটি নিজস্ব ‘ল্যাব’ (বীজ উৎপাদন কেন্দ্র) না থাকাটাই এখন মূল চ্যালেঞ্জ। নিজস্ব ল্যাব স্থাপন করা সম্ভব হলে পুরো উপজেলায় নিরবচ্ছিন্নভাবে মানসম্মত বীজ সরবরাহ ও মাশরুম চাষ সম্প্রসারণ করা সম্ভব হবে।

সংশ্লিষ্টদের মতে, লামার আবহাওয়া ও পরিবেশ মাশরুম চাষের জন্য অত্যন্ত উপযোগী। পার্বত্য এই অঞ্চলে প্রচলিত তামাক ও জুম চাষের লাভজনক এবং পরিবেশবান্ধব বিকল্প হিসেবে মাশরুম চাষ স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে।

“এ বিষয়ে জানতে লামা উপজেলা কৃষি কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এবং মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।”

সূত্র: মূল প্রতিবেদন