পৃথিবী সংবাদ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
একই রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় পৃথক অভিযানে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইনসহ দুই ভাইবোনকে গ্রেপ্তার করা হয়েছে। এসআরবি-৫ সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর একটি যৌথ আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার রানীনগর হাটপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় আহসান আলী ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।গ্রেপ্তার আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, একটি পাসপোর্ট জালিয়াতির মামলা ও একটি গুরুতর জখমের মামলা রয়েছে। অপর আসামি আব্দুর রহিমের বিরুদ্ধে ঢাকা মহানগরীর মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে জাল টাকার মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, একই রাতে এসআরবি-৫-এর অপর একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোছা. ময়না বেগম ও শাহাদত হোসেনকে গ্রেপ্তার করে। তারা সম্পর্কে ভাইবোন।
তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-৫। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া ময়না বেগম ও শাহাদত হোসেনের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের মামলা রয়েছে।
এসআরবি-৫-এর দেওয়া তথ্যমতে, গত ছয় মাসে ব্যাটালিয়নটি ১৭টি আগ্নেয়াস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে। এ সময় অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া একই সময়ে প্রায় ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা এবং ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করেছে সংস্থাটি।
এসআরবি-৫ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে রাজশাহী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
সূত্র: মূল প্রতিবেদন
