পৃথিবী সংবাদ ডেস্ক:
চীনের শীর্ষ গুপ্তচর সংস্থা এ বছর তাদের অগ্রাধিকার হালনাগাদ করার সময় একটি তাৎপর্যপূর্ণ লক্ষ্য যুক্ত করেছে। তা হলো, পশ্চিমা দেশগুলোর আরোপ করা প্রযুক্তিগত বাধা অতিক্রম করা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মনে করেন, দেশটির অগ্রগতির জন্য এসব প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই প্রচেষ্টার কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনার জন্য প্রয়োজনীয় উন্নত সেমিকন্ডাক্টর। এর মধ্যে এমন কিছু চিপও রয়েছে, যেগুলো চীনে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব চিপের মধ্যে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি চিপও রয়েছে।
জানুয়ারিতে কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে গঠিত পলিটব্যুরোর এক বৈঠকে শি জিনপিং বলেন, ‘অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে মূল প্রযুক্তি অর্জনের প্রচেষ্টা জোরদার করতে চীনকে অসাধারণ পদক্ষেপ নিতে হবে।’ তাঁর বক্তব্যের সরকারি নথিতে এ কথা উল্লেখ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘ভবিষ্যতের শিল্পগুলোর বিকাশে বাধা হয়ে দাঁড়ানো ‘চোকহোল্ড’ সমস্যাগুলো যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে।’
চীনের কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি দূর করাই দীর্ঘদিন ধরে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) প্রধান দায়িত্ব। তবে এশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক কয়েকজন নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তার তথ্য অনুযায়ী, এখন উন্নত সেমিকন্ডাক্টর চিপ সংগ্রহ এবং এসব চিপ সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহকেও সংস্থাটি অগ্রাধিকার দিচ্ছে।
উন্নত চিপ এবং সেগুলো সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহে চীনের গুপ্তচর সংস্থাটি কীভাবে কাজ করছে, তা অ্যালিস হুয়াংয়ের মামলার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। অ্যালিস হুয়াং একজন চীনা ব্যবসায়ী। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ওপর গুপ্তচরবৃত্তি করতে চীনা সংস্থাটি তাঁর সঙ্গে কাজ করছিল। এ অভিযোগ প্রথম প্রকাশ করেছিল নিউইয়র্ক টাইমস।
অ্যালিস হুয়াং এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। অন্যদিকে চীন গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছে।
বর্তমান ও সাবেক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চীনের গুপ্তচর সংস্থার চিপ সংগ্রহের এই অভিযান অন্তত দুই বছর ধরে চলছে। সংবেদনশীল গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা করার জন্য তাঁরা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন। এই অভিযানের বিস্তারিত তথ্য আগে প্রকাশিত হয়নি।
– বিদেশি একাধিক কর্মকর্তার তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় নিরাপত্তামন্ত্রী চেন ইশিন এই প্রচেষ্টার নেতৃত্ব দিতে একটি বিশেষ কর্মীদল গঠন করেছেন। দলটি সরাসরি তাঁর কাছে প্রতিবেদন দেয়। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশে সরকারি কর্মকর্তা থাকাকালে চেন শি জিনপিংয়ের অধীনে কাজ করেছেন। চীনের উচ্চপ্রযুক্তি শিল্পের বিকাশের অন্যতম সূতিকাগার এই প্রদেশ।
– যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরোপ করা রপ্তানি নিয়ন্ত্রণের বিধিনিষেধ অতিক্রমের প্রচেষ্টার অংশ হিসেবে চীনের ‘অবরোধবিরোধী’ কার্যক্রমে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে দলটিকে।
– এই অভিযানের আওতায় চীনা প্রতিষ্ঠানগুলোকে উন্নত চিপ সংগ্রহ এবং সেগুলো চোরাচালানের মাধ্যমে চীনে আনার ক্ষেত্রে সহায়তা করা হচ্ছে।
– অভিযানের বিষয়ে অবহিত কয়েকজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, দলটি সেমিকন্ডাক্টর খাত এবং এর সরবরাহব্যবস্থা সম্পর্কেও গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে।
এপ্রিলে চেন ইশিন এই নতুন দায়িত্বের কথা প্রকাশ্যে জানান। কমিউনিস্ট পার্টির একটি সাময়িকীতে তিনি লেখেন, ‘অবরোধবিরোধী লড়াই আরও জোরদার করতে হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন, শিল্পের বিকাশ ও এর প্রয়োগকে সামগ্রিকভাবে এগিয়ে নিতে হবে।’
তিনি আরও লেখেন, ‘গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে ‘চোকহোল্ড’ সমস্যাগুলো সমাধানে মনোযোগ দিতে হবে।’ পাশাপাশি এমন প্রযুক্তির সংকটও দূর করতে হবে, ‘যা চাইলেই, কিনলেই বা অনুরোধ করলেই পাওয়া যায় না।’
চীনের নিরাপত্তা কাঠামো নিয়ে গবেষণাকারী পরামর্শক প্রতিষ্ঠান গারনট গ্লোবালের নিরাপত্তা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স জোশকে বলেন, ‘চেন দলীয় নেতৃত্ব ও নিজের সংস্থার কর্মকর্তাদের এই বার্তা দিচ্ছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এআই প্রতিযোগিতাকে তাঁর সংস্থা দীর্ঘমেয়াদি ও সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। এই লড়াই চালানোর আরও উপায় খুঁজে বের করতে তিনি তাঁর কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছেন।’
রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এই অভিযান গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর আরোপ করা বিধিনিষেধ অতিক্রমে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বৃহত্তর প্রচেষ্টার অংশ। কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির জন্য প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান কমাতে দৃঢ়প্রতিজ্ঞ চীন।
শীর্ষ পর্যায়ে এই প্রচেষ্টার সমন্বয় করছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমিশন। এটি কমিউনিস্ট পার্টির একটি গোপনীয় সংস্থা, যা ২০২৩ সালে শি জিনপিং প্রতিষ্ঠা করেন। এর কিছুদিন আগে, ২০২২ সালের শেষ দিকে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ সরাসরি চীনে এনভিডিয়ার উন্নত চিপ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ শুরু করে। ওয়াশিংটনের আশঙ্কা ছিল, এসব চিপ বেইজিংকে মার্কিন এনক্রিপশন ব্যবস্থা ভাঙতে এবং নতুন অস্ত্রের নকশা তৈরিতে সহায়তা করতে পারে।
কমিউনিস্ট পার্টির এই কমিশনের অবস্থান বিভিন্ন মন্ত্রণালয়ের চেয়ে উচ্চতর। এর নেতৃত্বে রয়েছেন ডিং শুয়েশিয়াং। তিনি কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্থায়ী কমিটির মাত্র সাত সদস্যের একজন। এই কমিটিই চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দু।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, মে মাসে বেইজিং ও আশপাশের অঞ্চলের জ্বালানি ও কম্পিউটিং অবকাঠামো পরিদর্শনকালে ডিং বলেন, ‘কম্পিউটিং সক্ষমতা একটি দেশের সামগ্রিক জাতীয় শক্তির অন্যতম প্রধান সূচক।’ এসব অবকাঠামো দেশজুড়ে পরিকল্পিত এআই কম্পিউটিং নেটওয়ার্কের অংশ।
প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জনের মতো জাতীয় অগ্রাধিকার বাস্তবায়নে দেশের বিজ্ঞানী, গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন গবেষণাগার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে কমিশনটি প্রতিষ্ঠা করেন শি।
চীনের সংবাদমাধ্যমে কমিশনটির বিষয়ে খুব কমই খবর প্রকাশিত হয়। এর বাজেট ও পরিকল্পনাও জনসমক্ষে প্রকাশ করা হয় না। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর চীনের ওপর কাজ করা সাবেক বিশ্লেষক ক্রিস্টোফার কে জনসনের মতে, প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জনে শির পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে কমিশনটি।
কমিশনের পরিচালক ডিং দীর্ঘদিন ধরে শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী। বিজ্ঞান ও প্রযুক্তি নীতির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা একজন উপপ্রধানমন্ত্রীও তিনি।
চীনের গোয়েন্দা সংস্থা এবং সরকারের অন্যান্য বিভাগ কয়েক দশক ধরেই বিদেশ থেকে প্রযুক্তি ও গবেষণাসংক্রান্ত তথ্য সংগ্রহ করে আসছে। এ ক্ষেত্রে বৈধ ও অবৈধ উভয় পদ্ধতিই ব্যবহার করা হয়েছে। তবে কয়েকজন বিশেষজ্ঞের মতে, শি জিনপিংয়ের শাসনামলে এই প্রচেষ্টায় আরও জরুরি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ পর্যায়ে সমন্বয়ও বাড়ানো হয়েছে।
চলতি বছরজুড়ে রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রধান চেন ইশিন বারবার বলেছেন, ‘অবরোধবিরোধী লড়াই’ চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব।
গত বছর কমিউনিস্ট পার্টির একটি সাময়িকীতে চেন লেখেন, ‘কিছু দেশ গুরুত্বপূর্ণ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে চীনের ওপর ‘চোকহোল্ড’ আরোপ করতে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। বড় শক্তিগুলোর মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা এখন সবচেয়ে তীব্র, কঠিন ও সংকটপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। এটি এখন সরাসরি মুখোমুখি লড়াইয়ের পর্যায়।’
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর পর চীনা প্রতিষ্ঠানগুলোও একের পর এক আরও শক্তিশালী এআই মডেল তৈরি করছে। এ পরিস্থিতিতে বেইজিংয়ের কর্মকর্তারা ক্রমেই উপলব্ধি করছেন, দেশে ও বিদেশে তাদের ক্ষমতার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভাব্য হুমকি হয়ে উঠতে পারে। এ কথা বলেছেন এআই ও অন্যান্য উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডিসিশন ট্রি রিসার্চের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী গ্রেগরি সি অ্যালেন।
সেপ্টেম্বরে চেন নিজেই মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর এআই মডেল, যেমন ক্লদ মাইথোস ও জিপিটি-৫.৫-সাইবারকে নতুন ধরনের সাইবার নিরাপত্তা হুমকির উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি এআইয়ের কারণে কমিউনিস্ট পার্টির ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে সৃষ্ট ঝুঁকির বিষয়টি তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টারের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালেন বলেন, ‘চীনের শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগতভাবে অপরিহার্য। আর এআইয়ে নেতৃত্ব দেওয়ার বিষয়টি যে সেমিকন্ডাক্টর খাতে নেতৃত্ব দেওয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত, তা স্পষ্ট।’
২০২২ সালের শেষ দিকে চেন রাষ্ট্রীয় নিরাপত্তামন্ত্রী হন। এর এক বছরের কিছু বেশি সময় পর মন্ত্রণালয়টি সতর্ক করে বলেছিল, অদূর ভবিষ্যতে এআই ‘জাতীয় নিরাপত্তার চিত্রপটকে গভীরভাবে বদলে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রাখে।’
২০২৪ সালে মন্ত্রণালয়টি জানায়, প্রযুক্তির ক্ষেত্রে ‘আমাদের নিম্নস্তরে আটকে রাখার’ যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের প্রচেষ্টা মোকাবিলায় তাদের কর্মকর্তারা সাফল্য অর্জন করছেন।
ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য গোষ্ঠীর ভূমিকা
পরামর্শক অ্যালেক্স জোশকের মতে, বিদেশি এআই প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য চীন কখনো কখনো ছদ্মবেশী প্রতিষ্ঠান বা গবেষকদের ব্যবহার করেছে।
তিনি বলেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠানের আড়াল ব্যবহার করতে এমএসএস বেশ স্বাচ্ছন্দ্যবোধ করে। এমনকি কাউকে সরাসরি না জানিয়েও তাদের সম্পদ বা সহযোগী হিসেবে ব্যবহার করতে সংস্থাটি অভ্যস্ত। সংশ্লিষ্ট ব্যক্তিরা যে এমএসএসের হয়ে কাজ করছেন, সে কথাও তাঁদের জানানো হয় না।’
এ ধরনের ছদ্মবেশী প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষাবিষয়ক গবেষণায় নিয়োজিত বলে পরিচয় দেওয়া প্রতিষ্ঠানও থাকতে পারে। সেপ্টেম্বরে যুক্তরাজ্যের নিরাপত্তা সংস্থা এমআই৫ অভিযোগ করে, চীনের গুপ্তচর সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি গবেষণা প্রতিষ্ঠান ব্রিটিশ বিজ্ঞানীদের গবেষণার কাজে যুক্ত করেছে। বিজ্ঞানীরা বিষয়টি সম্পর্কে না জানলেও ওই গবেষণা ‘এমএসএসের গুপ্তচরবৃত্তির প্রযুক্তিগত সক্ষমতা সরাসরি বাড়ায়’ বলে দাবি করে এমআই৫।
অ্যালিস হুয়াং প্রতিষ্ঠিত মেগাস্পিডের মতো প্রতিষ্ঠানকেও গোয়েন্দা তথ্য সংগ্রহের সম্ভাব্য মাধ্যম হিসেবে দেখা হচ্ছে।
চীনের চিপ সংগ্রহের প্রচেষ্টায় অ্যালিস হুয়াংয়ের সুনির্দিষ্ট ভূমিকা এখনো স্পষ্ট নয়। মার্কিন কর্মকর্তাদের দাবি, এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকা অ্যালিস হুয়াং তাঁর সম্পর্কে তথ্য বেইজিংয়ের কাছে সরবরাহ করেছেন। উন্নত চিপ অবৈধভাবে চীনে পাচারের সঙ্গে মেগাস্পিডের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়েও তদন্ত করছে মার্কিন সরকার।
সূত্র: মূল প্রতিবেদন
