পৃথিবী সংবাদ ডেস্ক:
খুলনার তেরখাদায় মাফিজুর রহমান (৪৭) নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তার বাম হাত, ডান পা ও পাঁজরের নিচে গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাফিজুর রহমান মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। তিনি উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র: মূল প্রতিবেদন
