Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:
রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পেট্রোল বোমা দুটি ব্যাংকের জানালার ওপর আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা দুটি ব্যাংকের জানালার ওপর পড়ে বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত আনুমানিক ১টার দিকে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি।
কারা এবং কী উদ্দেশ্যে ব্যাংকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।
