ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

চোটে দক্ষিণ আফ্রিকা সফর শেষ হাসানের, ফিরছেন দেশে


November 20, 2026 7:42 pm
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ডান কনুইয়ের চোটের কারণে সফর শেষ হয়ে গেছে পেসার হাসান মাহমুদের। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট তো বটেই, স্বাগতিকদের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না তিনি। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সেখানে জানানো হয়েছে, ডান কনুইয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরবেন হাসান। ফলে দ্বিতীয় টেস্টের পাশাপাশি আসন্ন সাদা বলের দুই সিরিজেও তাঁকে পাচ্ছে না বাংলাদেশ।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, চোট কাটিয়ে ওঠার জন্য হাসানকে পর্যাপ্ত সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের বিশ্বাস, বিশ্রাম ও পুনর্বাসনের মাধ্যমে পুরোপুরি সুস্থ হয়ে পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন এই পেসার।

অবশ্য হাসানের কনুইয়ের সমস্যা নতুন নয়। দীর্ঘদিন ধরেই 'টেনিস এলবো' সমস্যায় ভুগছেন বাংলাদেশের এই পেসার। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টেও চোটের অস্বস্তি ছিল তাঁর। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকা সফরে যান তিনি।

জোহানেসবার্গে প্রথম টেস্ট শুরুর আগেও ডান কনুইয়ে ব্রেস পরে অনুশীলন করতে দেখা যায় হাসানকে। ম্যাচের তৃতীয় দিনে বোলিংয়ের সময় ব্যথা বেড়ে যাওয়ায় মাঠ ছাড়তে হয় তাঁকে। প্রায় ১০ ওভার বাইরে থাকার পর হাতে অতিরিক্ত সাপোর্ট বেঁধে আবারও বোলিংয়ে ফেরেন এই পেসার।

চোটের মধ্যেও প্রথম টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন হাসান। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৩০ দশমিক ৪ ওভার বোলিং করে ১১৮ রানে চার উইকেট নেন তিনি। তবে টানা বোলিংয়ের ধকল তাঁর পুরোনো চোট নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।

জোহানেসবার্গে প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর হাসানের দ্বিতীয় ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফিজিও ও ট্রেনারের পর্যবেক্ষণের পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত শুধু দ্বিতীয় টেস্ট নয়, পুরো সফর থেকেই ছিটকে গেলেন হাসান।

আগামী সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচ হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য হাসানের অনুপস্থিতি বড় ধাক্কা। তাঁর জায়গায় একাদশে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের ফেরার সম্ভাবনা রয়েছে।

টেস্ট সিরিজ শেষে আগামী ১ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে তিনটি টি-টোয়েন্টি। এই ছয় ম্যাচেও হাসানকে পাচ্ছে না বাংলাদেশ।

তবে হাসান কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন কিংবা তার পরিবর্তে নতুন কোনো ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে কি না, সে বিষয়ে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

সূত্র: মূল প্রতিবেদন