ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সেঞ্চুরিয়ন টেস্টে বিশ্রামে হাসান মাহমুদ, ফিরতে পারেন শরিফুল


November 20, 2026 11:38 am
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন হাসান মাহমুদ। চোটের অস্বস্তি নিয়েও তুলে নিয়েছেন চার উইকেট। তবে সেই ম্যাচে শারীরিক ধকলের কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফলে সেঞ্চুরিয়নে পেস আক্রমণে পরিবর্তন আনতে হচ্ছে সফরকারীদের। একাদশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের।

আগামী সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সেখানে হাসানকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ দলের একটি সূত্র। তবে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

জোহানেসবার্গে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার একমাত্র ইনিংসে ৩০ দশমিক ৪ ওভার বোলিং করে ১১৮ রান দিয়ে চার উইকেট নেন হাসান। বাংলাদেশের তিন পেসারের মধ্যে সবচেয়ে বেশি ওভারও করেন তিনি। তবে ম্যাচজুড়েই শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে ২৭ বছর বয়সী এই পেসারকে।

টেস্ট শুরুর আগে থেকেই ডান কনুইয়ে অস্বস্তি ছিল হাসানের। অনুশীলনে তাকে হাতে ব্রেস পরে থাকতে দেখা যায়। ম্যাচের মধ্যেও সেই পুরোনো টেনিস এলবোর সমস্যা ফিরে আসে।

এর মধ্যে দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটার মার্কেস অ্যাকারম্যানের একটি স্ট্রেইট ড্রাইভ থামাতে গিয়ে মাথায় আঘাত পান হাসান। নিজের বোলিংয়ের ফলো থ্রুতে বলটি তার হাত ছুঁয়ে মাথায় লাগে। মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার বোলিংয়ে ফেরেন তিনি।

তবে চতুর্থ দিনে কনুইয়ের সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। দিনের দ্বিতীয় ওভারের চার বল করার পর ডান হাতে অস্বস্তি অনুভব করেন হাসান। মাঠে ফিজিও এসে চিকিৎসা দিলেও তখন আর বোলিং চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তার।

প্রায় ১০ ওভার মাঠের বাইরে থাকতে হয় এই পেসারকে। পরে আগের ব্রেস বদলে পুরো বাহুতে সাপোর্ট বেঁধে আবারও বোলিং শুরু করেন তিনি।

ফিরে এসে নিজের ছন্দও ধরে রাখেন হাসান। দ্বিতীয় নতুন বলে সাইমন হারমারকে ফিরিয়ে চতুর্থ উইকেট তুলে নেন। চোটের মধ্যেও ম্যাচে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনিই।