পৃথিবী সংবাদ ডেস্ক:
সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ। কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করায় শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার না করেই ফিরে যায় পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
হালিমুল হক মিরু ওই এলাকার বাসিন্দা। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মিরুকে গ্রেপ্তারের জন্য থানা-পুলিশের একটি দল তার বাড়িতে যায়। এ সময় মিরু বাড়িতেই ছিলেন বলে স্থানীয়রা জানান। পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসেছে এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে গ্রামবাসীর বাধার মুখে তাকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, এলাকায় মিরুর জনপ্রিয়তা রয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি কোনো ধরনের সহিংস বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে দাবি স্থানীয়দের। মূলত পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসেছে এ খবর ছড়িয়ে পড়ার পর গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমেছিলেন বলে জানান তারা।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশের একটি দল হালিমুল হক মিরুকে গ্রেফতার করতে গিয়েছিল। কিন্তু তিনি বাড়িতে ছিলেন না। পরে স্থানীয়রা তার গ্রেফতারের খবর শুনে ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
