ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী


November 27, 2026 4:16 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত কিছু ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করছেন বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিএনপিতে চাঁদাবাজ ও মাদক কারবারিদের কোনো জায়গা নেই। তাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই। চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে ব্যবস্থা নিতে হবে। এসব ব্যক্তির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত কিছু ব্যক্তি আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করে দলটিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। বিগত ১৭ বছরেও তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে ছিলেন। বিএনপিতে এ ধরনের ব্যক্তিদের প্রয়োজন নেই। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলের ভাবমূর্তি কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে ৯৫ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সূত্র: মূল প্রতিবেদন